রাস্তায় উঠছে দেয়াল, বন্দি ৭০ পরিবার
কেন্দুয়া (নেত্রকোনা) প্রতিনিধি
প্রকাশ: ২৩ আগস্ট ২০২২ | ১২:০০ | আপডেট: ২৪ আগস্ট ২০২২ | ০০:৫৩
কেন্দুয়ায় দেয়াল তুলে ৪০ বছরের পুরোনো একটি রাস্তা বন্ধের অভিযোগ উঠেছে। এতে প্রায় ৭০টি পরিবার বন্দি হয়ে পড়ার আশঙ্কা তৈরি হয়েছে। এ ঘটনা ঘটেছে নেত্রকোনার কেন্দুয়ার গন্ডা ইউনিয়নের কালিয়ান মাইজপাড়া গ্রামে। প্রতিকার চেয়ে ইউএনও এবং ওসির কাছে লিখিত অভিযোগ দিয়েছেন ভুক্তভোগীরা।
অভিযোগকারী ফারুক ও জিয়াউর রহমান জানান, স্কুল-কলেজ-মাদ্রাসার শিক্ষার্থী এবং বেশ কিছু পরিবারের দুই শতাধিক মানুষ প্রতিদিন রাস্তাটি দিয়ে চলাচল করে। ইটের দেয়াল তুলে রাস্তাটি বন্ধ করে দেওয়ায় বেকায়দায় পড়েছেন গ্রামবাসী।
গ্রামবাসীর অভিযোগ, রাস্তার প্রবেশমুখে কয়েকটি কলাগাছ রোপণ করা হয়েছে। রাস্তার কিছু অংশ কেটে পাশের একটি পুকুরে মেশানো হয়েছে। সরকারিভাবে স্থাপন করা রিং-কালভার্ট রাস্তা থেকে সরিয়ে ফেলা হয়েছে। শুরু হয়েছে দেয়াল নির্মাণকাজ।
রাস্তার জমির মালিক তৌহিদ মিয়া বলেন, 'রাস্তাটি আমাদের ব্যক্তিগত জমির ওপর দিয়ে গেছে। আমরা তিন ভাই। ভাতিজারাও রয়েছে। এখানে আমরা বাড়ি করব। তাই জায়গাটা দরকার। এজন্য রাস্তায় দেয়াল নির্মাণ করছি।'
গন্ডা ইউপি চেয়ারম্যান শহিদুল ইসলাম কল্যাণ জানান, রাস্তার মধ্যে ইটের দেয়াল নির্মাণ বন্ধের নির্দেশ দেওয়া হয়েছে। কিন্তু নির্দেশ অমান্য করে কাজ করে যাচ্ছেন তারা।
- বিষয় :
- দেয়াল নির্মাণ
- কেন্দুয়া
- ময়মনসিংহ
- নেত্রকোনা
- কেন্দুয়া