ছাত্রী উত্ত্যক্তে বাধা দেওয়ায় চবি ছাত্রলীগ কর্মীদের মারধরের শিকার
আহত অভিজিৎ দাশ- সমকাল
চবি প্রতিনিধি
প্রকাশ: ২৭ আগস্ট ২০২২ | ১০:৩৭ | আপডেট: ২৭ আগস্ট ২০২২ | ১০:৩৭
ছাত্রীকে উত্ত্যক্ত করার সময় বাধা দেওয়ার জেরে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) প্রাক্তন এক শিক্ষার্থীকে মারধরের অভিযোগ উঠেছে শাখা ছাত্রলীগের নেতাকর্মীদের বিরুদ্ধে। শুক্রবার রাত ১০টার দিকে বিশ্ববিদ্যালয়ের শাটল ট্রেনে তাঁর ওপর হামলা হয়। মারধরের শিকার ওই ছাত্রের নাম অভিজিৎ দাশ। তিনি বিশ্ববিদ্যালয়ের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের ২০১০-১১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ছিলেন।
অভিজিৎ বলেন, গত বুধবার রাত ১০টার দিকে ক্যাম্পাসের রেলস্টেশনে কয়েকজন মদ পান করে চিৎকার করছিল। স্টেশনে থাকা ছাত্রীদেরও উত্ত্যক্ত করছিল দলটি। ওই সময় তিনি ও সঙ্গে থাকা কয়েকজন ওই ব্যক্তিদের বাধা দেন। শুক্রবার রাতে শাটল ট্রেনে একা পেয়ে ১০-১২ জন তাঁর ওপর হামলা চালায়। রড দিয়ে তাঁর মাথা, পিঠ ও শরীরের বিভিন্ন জায়গায় আঘাত করা হয়েছে। তাঁকে মারধরের পর দলটি ফতেয়াবাদ রেলস্টেশনে নেমে যায়। পরে তিনি চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নেন। তাঁর মাথা ও হাতে চারটি সেলাই দেওয়া হয়েছে।
তিনি জানান, হামলাকারীদের মধ্যে ছাত্রলীগের বগিভিত্তিক গ্রুপ সিএফসির তিন কর্মীকে তিনি চিনতে পেরেছেন। তারা হলো- চবির স্পোর্টস সায়েন্স বিভাগের ২০১৯-২০ সেশনের আরমান, মৃত্তিকা বিজ্ঞান বিভাগের একই সেশনের তাওহীদ ও ২০১৯-২০ সেশনের শতাব্দী। তারা চবি ছাত্রলীগের সিএফসি গ্রুপ ও সভাপতি রেজাউল হক রুবেলের অনুসারী।
এদিকে এ ঘটনার পর ফতেয়াবাদ স্টেশনে অভিযোগ দিতে পারলেও বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে যেতে সিএফসির নেতারা বাধা দিয়েছেন বলে জানিয়েছেন অভিজিৎ। এ বিষয়ে সহকারী প্রক্টর শহিদুল ইসলাম বলেন, আমরা বিষয়টি জানতে পেরেছি। তাকে অভিযোগ দিতে বাধা দেওয়া হয়েছে এটা আমাদের জানানো হয়নি। এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।
