ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

বেতন ভাতার দাবিতে সালথায় শিক্ষকদের মানববন্ধন

বেতন ভাতার দাবিতে সালথায় শিক্ষকদের মানববন্ধন
×

উপজেলা পরিষদের সামনে মানববন্ধন করেন শিক্ষক ও সুপারভাইজাররা - সমকাল

সালথা (ফরিদপুর) প্রতিনিধি

প্রকাশ: ২৯ আগস্ট ২০২২ | ০৮:২২ | আপডেট: ২৯ আগস্ট ২০২২ | ০৯:৫০

ফরিদপুরের সালথায় মৌলিক স্বাক্ষরতা প্রকল্পের আওতায় ৬০০ জন শিক্ষক ও ১৫ জন সুপারভাইজার বেতন ভাতার দাবিতে মানববন্ধন করেছেন। সোমবার সকালে উপজেলা পরিষদের সামনে এ মানববন্ধন করেন তারা।

জানা গেছে, উপজেলায় নিরক্ষর বয়স্কদের লেখাপড়া শেখানোর জন্য একটি প্রকল্প চালু হয়। শিক্ষা মন্ত্রণালয়ের অর্থায়নে প্রকল্পটি বাস্তবায়ন করে দারিদ্র মোচন প্রচেষ্টা (ডিএমপি) নামে এক এনজিও। ২০২১ সালের ৮ ডিসেম্বর থেকে ২০২২ সালের ৮ জুন পর্যন্ত চলে এ প্রকল্প। মেয়াদ শেষ হওয়ার তিন মাস পার হলেও এখনো বেতন ভাতা পাননি শিক্ষক ও সুপারভাইজাররা।

সুপারভাইজার আরিফুল ইসলামের সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য দেন গট্টি ইউনিয়নের সুপারভাইজার আব্দুল্লাহ আকতার, ভাওয়াল ইউনিয়নের শিক্ষক মোস্তাফিজুর রহমান শাহীন, গট্টি ইউনিয়নের শিক্ষক আবু আলম, যদুনন্দী ইউনিয়নের শিক্ষক সিরাজুল ইসলাম প্রমুখ।

এ সময় বক্তারা জানান, আমাদের ছয় মাসের বেতন ভাতা দেওয়ার কথা থাকলেও দেওয়া হয়েছে মাত্র দুই মাসের। বাকি চার মাসের বেতন ভাতা না দিয়ে প্রকল্প পরিচালক রোকনউদ্দিন নানা ধরনের টালবাহানা করছেন। আমরা সরকারের কাছে দাবি জানাই, বকেয়া টাকাটা যেন দ্রুত পরিশোধ করা হয়।

এ ব্যাপারে জানতে এনজিওর প্রকল্প পরিচালক রোকনউদ্দিনের মুঠোফোনে কল করলে তিনি রিসিভ করেননি। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তাছলিমা আক্তার সমকালকে বলেন, আলোচনা করে ব্যবস্থা নেওয়া হবে।

আরও পড়ুন

×