পাঁচ দাবিতে ১৩ সেপ্টেম্বর থেকে সিলেটে পরিবহন ধর্মঘটের ডাক
ফাইল ছবি
সিলেট ব্যুরো
প্রকাশ: ২৯ আগস্ট ২০২২ | ০৯:৫০ | আপডেট: ২৯ আগস্ট ২০২২ | ০৯:৫০
সিলেটে পাঁচ দফা দাবি আদায়ে কঠোর আন্দোলনের ঘোষণা দিয়েছেন পরিবহন শ্রমিকরা। আগামী ১৩ সেপ্টেম্বর থেকে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট ডেকেছেন তাঁরা।
প্রাথমিকভাবে ৮ সেপ্টেম্বর মানববন্ধন কর্মসূচি পালন করবে পরিবহন শ্রমিকরা। এরপরও দাবি পূরণ না হলে কঠোর কর্মসূচি শুরু করবেন বলে জানিয়েছেন সিলেট জেলা বাস মিনিবাস কোচ মাইক্রোবাস শ্রমিক ইউনিয়নের সভাপতি ময়নুল ইসলাম।
পরিবহন শ্রমিকদের দাবিগুলো হলো- সিলেট মহানগর পুলিশ কমিশনার ও উপকমিশনারের (ট্রাফিক) অপসারণ, ট্রাফিক পুলিশের হয়রানি ও রেকার বাণিজ্যসহ মাত্রাতিরিক্ত জরিমানা বন্ধ, শ্রম আদালতের প্রতিনিধি নাজমুল আলম রোমেনকে প্রত্যাহার, উচ্চ আদালতের নির্দেশনার আলোকে পাথর কোয়ারি খুলে দেওয়া, সড়ক সংস্কার এবং নতুন সিএনজিচালিত অটোরিকশা বিক্রি বন্ধ ও বিক্রয়কৃত গাড়ির রেজিস্ট্রেশন দেওয়া।
গত রোববার রাতে সিলেট জেলা সিএনজিচালিত অটোরিকশা শ্রমিক ইউনিয়নের প্রধান কার্যালয়ে পাঁচটি ট্রেড ইউনিয়নের নেতাদের বৈঠকে আন্দোলন কর্মসূচি চূড়ান্ত হয়। ময়নুল ইসলামের সভাপতিত্বে ও সিএনজিচালিত অটোরিকশা শ্রমিক ইউনিয়নের সভাপতি জাকারিয়া আহমদের পরিচালনায় বক্তব্য রাখেন শ্রমিক নেতা মো. দিলু মিয়া, আব্দুস সালাম, মো. আব্দুল মুহিম, মো. আলী আকবর রাজন, রুনু মিয়া মঈন প্রমুখ।
- বিষয় :
- পরিবহন ধর্মঘট
- পরিবহন শ্রমিক
- সিলেট
