রাঙামাটির রাইখালীতে দুই গ্রুপের মধ্যে গুলি বিনিময়
রাঙামাটি অফিস ও কাপ্তাই প্রতিনিধি
প্রকাশ: ৩০ আগস্ট ২০২২ | ১২:১৯ | আপডেট: ৩০ আগস্ট ২০২২ | ১২:১৯
রাঙামাটির কাপ্তাই উপজেলাধীন রাইখালী ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের নোয়াপাড়া এলাকায় আঞ্চলিক দুটি দলের মধ্যে গুলি বিনিময়ের ঘটনা ঘটেছে।
মঙ্গলবার সন্ধ্যায় উভয় পক্ষের মধ্যে ১৫ থেকে ১৬ রাউন্ড গুলি বিনিময় হয় বলে এলাকাবাসীরা জানান।
জানা গেছে, ওই এলাকায় অবস্থান নিয়ে মারমা ন্যাশনালিস্ট পার্টির (এমএনপি) সদস্যরা খাবার খাওয়ার সময় গুলি চালায় পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি (জেএসএস) মূল দল সমর্থিত সদস্যরা।
এ সময় পাল্টা গুলি চালায় এমএনপির সদস্যরা। তবে এ ঘটনায় হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।
রাইখালী ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য মো. সেলিম জানান, ডলুছড়ির নোয়াপাড়া এলাকায় ১৫ থেকে ১৬ রাউন্ড গুলি বিনিময়ের কথা এলাকাবাসী তাকে জানিয়েছে। তবে কাদের মধ্যে এই ঘটনা ঘটেছে তিনি জানেন না।
চন্দ্রঘোনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকবাল বাহার চৌধুরী জানান, গুলির খবর পাওয়ার পর সেখানে পুলিশ সদস্যদের দ্রুত পাঠানো হয়। পুলিশ ফিরে না আসা পর্যন্ত বিস্তারিত বলা যাবে না।
- বিষয় :
- গুলি বিনিময়
- আঞ্চলিক দল
