বলাইশিমুলে মহাসমাবেশ
খেলার মাঠ ছেড়ে দাও, মামলা-গ্রেপ্তার বন্ধ কর
ছবি: সমকাল
কেন্দুয়া (নেত্রকোনা) প্রতিনিধি
প্রকাশ: ০২ সেপ্টেম্বর ২০২২ | ১০:৩০ | আপডেট: ০২ সেপ্টেম্বর ২০২২ | ১০:৩০
খেলার মাঠ জাতীয় সম্পদ। নেত্রকোনার কেন্দুয়ার বলাইশিমুলের বাসিন্দারা এ সম্পদ রক্ষার আন্দোলন করছেন। অথচ যারা আন্দোলন করছেন তারা রাষ্ট্রীয় বাহিনীর হয়রানির শিকার হচ্ছেন। তাদের বিরুদ্ধে মিথ্যা মামলা দেওয়া হয়েছে, যা অন্যায়। অবিলম্বে মামলা প্রত্যাহার করতে হবে। খেলার মাঠ উন্মুক্ত করতে হবে।
বলাইশিমুল মাঠ রক্ষার দাবিতে শুক্রবার বিকেলে কেন্দুয়ার ঈদগাহ মাঠে আয়োজিত মহাসমাবেশে বক্তারা এসব কথা বলেন। ৮০১ সদস্যের বলাইশিমুল মাঠ রক্ষা গণকমিটি এ আয়োজন করে। সমাবেশে বলাইশিমুল ইউনিয়নের ১৮টি গ্রামের কয়েক হাজার মানুষ অংশ নেন।
সমাবেশে সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা ও বাংলাদেশ পরিবেশ আন্দোলনের (বাপা) সভাপতি অ্যাডভোকেট সুলতানা কামাল বলেন, প্রধানমন্ত্রী বলেছেন, পরিবেশ-প্রকৃতি ক্ষতিগ্রস্ত হয় এমন কোনো উদ্যোগ নেওয়া যাবে না। খেলার মাঠ ধ্বংস করা যাবে না। কিন্তু বলাইশিমুলের প্রশাসন প্রধানমন্ত্রীর নির্দেশনা মানছে না। তারা খেলার মাঠে আশ্রয়ণ প্রকল্পের ঘর নির্মাণ করছে। মাঠ রক্ষার আন্দোলনকারীদের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের আহ্বান জানিয়ে তিনি বলেন, আন্দোলনকারীদের হয়রানি অত্যন্ত লজ্জাজনক। মনে হয় যিনি স্থানীয়ভাবে প্রশাসন চালাচ্ছেন, তার বুদ্ধিতে প্রধানমন্ত্রীর মাঠ রক্ষার কথা কুলাচ্ছে না। যাঁরা মাঠ নষ্ট করে ঘর বানালেন, তাদের প্রতি নিন্দা জানানোর ভাষা নেই।
মানবাধিকার নেত্রী খুশী কবির বলেন, খেলার মাঠে আশ্রয়ণের ঘর নির্মাণ অমানবিক। মাঠ রক্ষায় যাদের বিরুদ্ধে মামলা করা হয়েছে, তা প্রত্যাহার করতে হবে। আর যেন নতুন করে কোনো মামলা না দেওয়া হয়, আর যেন কাউকে হয়রানি না করা হয়। দাবি না মানা পর্যন্ত মাঠ রক্ষায় অহিংস নীতিতে যত ধরনের আন্দোলন আছে, তা করা হবে।
মাঠে আশ্রয়ণ প্রকল্পের ঘর নির্মাণের বৈধতা চ্যালেঞ্জ করে বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতি (বেলা) হাইকোর্টে রিট করে। গত ১৪ আগস্ট আদালত বলাইশিমুলে ঘর নির্মাণে দুই মাসের স্থগিতাদেশ দেন। সমাবেশে বেলার প্রধান নির্বাহী সৈয়দা রিজওয়ানা হাসান বলেন, খেলার মাঠ ঠিক রেখে অন্যত্র আশ্রয়ণ প্রকল্প হোক- এটাই জনতার চাওয়া। প্রশাসন এবং জনতার মাঝে সাংঘর্ষিক কোনো কিছু কাম্য নয়, চাই সুন্দর একটি সমাধান।
গণকমিটির যুগ্ম আহ্বায়ক হাবিবুর রহমান মণ্ডলের সভাপতিত্বে এবং আহ্বায়ক আবুল কালাম আজাদের সঞ্চালনায় সমাবেশে আরও বক্তব্য দেন বাপার যুগ্ম সম্পাদক আলমগীর কবির, তেঁতুলতলা মাঠ রক্ষা আন্দোলনের সমন্বয়ক সৈয়দা রত্না, উদীচীর কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক আরিফ নূর, কলি আক্তার, হলি খান, আজিজুর রহমান ও ওবায়দুল হক্ক উজ্জ্বল।
বলাইশিমুল গ্রামের একটি খাসজমিতে মুজিববর্ষ উপলক্ষে আশ্রয়ণ প্রকল্প-২ এর আওতায় ১২টি ঘর নির্মাণ হচ্ছে। এলাকার বাসিন্দাদের অভিযোগ- এই খাসজমিটি তারা শত বছরেরও বেশি সময় ধরে খেলার মাঠ হিসেবে ব্যবহার করছেন। মাঠের পরিবর্তে আশপাশের অন্য কোনো খাস জমিতে ঘর নির্মাণের দাবি তাদের।
- বিষয় :
- খেলার মাঠ
- নেত্রকোনা
- কেন্দুয়া
- খেলার মাঠ রক্ষা