ঢাকা শনিবার, ১৩ জুন ২০২৬

গাজীপুরে গোয়েন্দা পুলিশের হেফাজতে নারীর মৃত্যু

গাজীপুরে গোয়েন্দা পুলিশের হেফাজতে নারীর মৃত্যু
×

 গাজীপুর প্রতিনিধি

প্রকাশ: ১৯ ফেব্রুয়ারি ২০২০ | ০৪:০৩ | আপডেট: ১৯ ফেব্রুয়ারি ২০২০ | ০৫:২৫

গাজীপুরে গোয়েন্দা পুলিশ (ডিবি) হেফাজতে ইয়াসমিন বেগম (৪০) এক নারীর মৃত্যু হয়েছে। নিহতের পরিবারের অভিযোগ, পুলিশের নির্যাতনের শিকার হয়ে ইয়াসমিনের মৃত্যু হয়েছে। মঙ্গলবার রাতে ওই নারী মারা যান।

ইয়াসমিন বেগম গাজীপুর সিটি করপোরেশনের গাজীপুরা এলাকার আব্দুল হাইয়ের স্ত্রী।

নিহত নাল ছেলে জিসানের দাবি, মঙ্গলবার সন্ধ্যা ৬টার দিকে তার বাবার খোঁজে গাজীপুর মহানগর গোয়েন্দা পুলিশের একটি দল ভাওয়াল গাজীপুর এলাকায় তাদের বাড়িতে অভিযান চালায়। বাবাকে না পেয়ে মা ইয়াসমিন বেগমকে ধরে নিয়ে যায়। মা পুলিশের সঙ্গে যেতে না চাইলে তাকে এলোপাতাড়ি মারধর করা হয়। এরপরও মায়ের মোবাইলে ফোন করলে পুলিশ ফোন ধরে অকথ্য ভাষায় গালিগালাজ করে। এ সময় মাকে মারধর করার শব্দ শুনতে পান তিনি। রাত ১১টার দিকে এক পুলিশ সদস্য তার মায়ের মোবাইল দিয়ে ফোন করে গোয়েন্দা পুলিশ কার্যালয়ে যেতে বলেন। তখন তাকে বলা হয়, তার মা অসুস্থ। তাকে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে। পরে তিনি হাসপাতালে গিয়ে তার মায়ের মৃত্যুর খবর জানতে পারেন। রাত একটার দিকে মায়ের লাশ পুলিশ তাকে দেখতে দেয়। ইয়াছিন আরাফাতের অভিযোগ, পুলিশের নির্যাতনে ইয়াসমিন বেগমের মৃত্যু হয়েছে।

শহীদ তাজউদ্দীন আহমদ মেডিক্যাল কলেজ হাসপাতালের আবাসিক মেডিক্যাল অফিসার মো. রফিকুল ইসলাম জানান, রাত ১০টার দিকে ডিবি পুলিশের সদস্যরা ইয়াসমিন বেগমকে হাসপাতালে নিয়ে আসেন। এসময় তার বুকে ব্যথা ও শ্বাসকষ্ট ছিল। প্রাথমিক চিকিৎসা দিয়ে ঢাকার হৃদরোগ হাসপাতালে রেফার (পাঠাতে বলা) করা হয়। একপর্যায়ে রাত সোয়া ১১টার দিকে হাসপাতালেই তার মৃত্যু হয়। তার শরীরে আঘাতের কোনো চিহ্ন নেই।

গাজীপুর মহানগর গোয়েন্দা পুলিশের উপ-পুলিশ কমিশনার মো. মনজুর রহমান বলেন, ইয়াসমিন ও তার স্বামী আবদুল হাই মাদক ব্যবসায়ী। তাদের বিরুদ্ধে বেশ কয়েকটি মামলা আছে। অভিযান চালিয়ে ১০০টি ইয়াবাসহ ইয়াসমিনকে আটক করা হয়। আটকের পর ইয়াসমিন অসুস্থ হয়ে পড়লে দ্রুত তাকে হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। তাকে কোনো নির্যাতন করা হয়নি।

আরও পড়ুন

×