ঢাকা মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬

২ মাসের মধ্যে কমবে সয়াবিন তেলের দাম, আশা বাণিজ্যমন্ত্রীর

২ মাসের মধ্যে কমবে সয়াবিন তেলের দাম, আশা বাণিজ্যমন্ত্রীর
×
×

রংপুর অফিস

প্রকাশ: ১০ সেপ্টেম্বর ২০২২ | ০১:০৮ | আপডেট: ১০ সেপ্টেম্বর ২০২২ | ০১:৪৮

বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি বলেছেন, বিশ্ব বাজারে সয়াবিন তেলের দাম কমেছে, কিন্তু দেশে ডলারের দাম বেড়েছে। ডলারের দামের সাথে বিশ্ব বাজারে তেলের দাম সমন্বয় করা হচ্ছে। এতে করে আগামী দু’মাসের মধ্যে আরও এক ধাপ সয়াবিন তেলের দাম কমবে বলে আশা করছি।

শনিবার সকালে দু’দিনের সফরে রংপুরে এসে নগরীর সেন্ট্রাল রোডস্থ বাসভবনে তিনি সাংবাদিকদের এসব কথা বলেন।

প্রধানমন্ত্রীর ভারত সফর প্রসঙ্গে বাণিজ্যমন্ত্রী বলেন, বাংলাদেশে বড় ধরনের বিনিয়োগ করতে আগ্রহী হয়েছেন ভারতের ব্যবসায়ীরা। তারা প্রধানমন্ত্রীর সাথে সরাসরি কথা বলে বিনিয়োগের জন্য নানা দাবি উত্থাপন করেছেন। প্রধানমন্ত্রী সেই দাবিগুলো শুনেছেন। ভারতের ব্যবসায়ীরা বাংলাদেশে জ্বালানি, ট্রান্সপোর্ট ও এগ্রো প্রসেসিং কার্যক্রমে বিনিয়োগে আগ্রহী হয়েছেন। এছাড়া আদানী গ্রুপ বাংলাদেশে সাড়ে ৪ হাজার কোটি টাকা বিনিয়োগ করতে চাচ্ছে।

তিনি আরও বলেন, ভারতের প্রধানমন্ত্রীর সাথে আমাদের ফলপ্রসূ আলোচনা হয়েছে। ভারতের প্রধানমন্ত্রী তাদের এগিয়ে যাওয়ার সাথে বাংলাদেশকে পাশে চেয়েছেন। তিস্তা নদীর পানি চুক্তি নিয়ে ভারতের পশ্চিমবঙ্গের ইতিবাচক সাড়া রয়েছে।

বাণিজ্যমন্ত্রী বলেন, ইউক্রেন-রাশিয়া থেকে খাবার, চাল আমদানির উদ্যোগ নেওয়া হয়েছে। এতে করে দেশে নিত্যপণ্যের দাম কমে আসবে। এছাড়া টিসিবির মাধ্যমে এক কোটি অস্বচ্ছল পরিবারকে সাশ্রয়ী দামে খাদ্য সামগ্রী বিক্রির মাধ্যমে দেশের ৫ কোটি মানুষ এর সুবিধা পাচ্ছে। খোলা বাজারে ৩০ টাকা কেজি দরে চাল বিক্রি হচ্ছে। দেশের মানুষের যেন কষ্ট না হয়, সেদিকে সরকারের লক্ষ্য রয়েছে।

এ সময় জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি মেহেদী হাসান সিদ্দিকী রনি, মাহিগঞ্জ দোকান মালিক সমিতির সাধারণ সম্পাদক মাসুদ পারভেজ টিটুসহ অন্যরা উপস্থিত ছিলেন।

আরও পড়ুন

×