ভোট না দেওয়ায় খাদ্যবান্ধব কর্মসূচির কার্ড বাতিল
প্রতীকী ছবি
নরসিংদী প্রতিনিধি
প্রকাশ: ১৫ সেপ্টেম্বর ২০২২ | ১২:০০ | আপডেট: ১৫ সেপ্টেম্বর ২০২২ | ২২:১৮
ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে পক্ষে কাজ না করায় চেয়ারম্যানের রোষানলে পড়েছেন খাদ্যবান্ধব কর্মসূচির উপকারভোগীরা। কেড়ে নেওয়া হয়েছে ১০ টাকা কেজি দরের চাল কেনার কার্ড। ক্ষোভে গত বুধবার খাদ্য কর্মকর্তার কার্যালয়ের সামনে অবস্থান ও উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে অভিযোগ দিয়েছেন ভুক্তভোগীরা। এরপরও টনক নড়েনি কর্তৃৃপক্ষের।
তবে অভিযোগ অস্বীকার করেছেন নরসিংদীর মনোহরদী উপজেলার চরমান্দালিয়া ইউপি চেয়ারম্যান আনিছ উদ্দিন শাহিন। গত ইউপি নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন না পেয়ে স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করে বিজয়ী হয়েছেন তিনি। এই ক্ষোভে নৌকার প্রার্থীর সমর্থকদের খাদ্যবান্ধব কর্মসূচির কার্ড কেড়ে নেওয়া হয়েছে। এর মধ্যে রয়েছেন- উত্তর চরমান্দালিয়া গ্রামের হাবিবুর রহমান, মতিউর রহমান, রতন মিয়া, আব্দুর রহিম, রবিউল আউয়াল, হাছেন উদ্দিন ফকির, আব্দুল কাদির, হনুফা, জাহেরাসহ ২০১ উপকারভোগী।
ভুক্তভোগীদের অভিযোগ, ইউপি নির্বাচনে যাঁরা শাহিনের পক্ষে কাজ করেননি, ভোটে জিতে যাওয়ার পর তাঁদের সহায়তার কার্ড কেড়ে নিচ্ছেন।
উত্তর চরমান্দালিয়া গ্রামের দিনমজুর মতিউর রহমান ব?লেন, 'আমি ২ বছর ধরে ৩০০ টাকা দিয়ে ৩০ কেজি চাল পাচ্ছি। আমাদের চাল উত্তোলনের কার্ড ডিলারের কাছে ছিল। সেখান থেকে চেয়ারম্যান আমার কার্ড নিয়ে গেছেন। পরে চেয়ারম্যানের সঙ্গে যোগাযোগ করলে কার্ড বাতিলের কথা জানিয়েছেন। আমাকে কার্ড, চাল কোনোটিই দেননি।'
আব্দুর রহিম নামে একজনের ভাষ্য, নির্বাচনে অনেকেই অনেকের পক্ষে ছিলেন। তিনি ছিলেন নৌকার পক্ষে। তিনি বলেন, 'নির্বাচনে চেয়ারম্যানের বিরোধিতা করায় আমার পেটে লাথি দিয়েছেন। অনেকেরই কার্ড রেখে দিয়েছেন। আমরা গরিব মানুষ। এখন কী করব।'
রিকশাচালক হাবিবুর রহমান জানান, ১০ টাকা কেজি দরে মাসে ৩০ কেজি চাল পেতেন। শাহিন চেয়ারম্যান নতুন করে কার্ড দেওয়ার নামে তাঁর কার্ড নিয়ে গেছেন। কার্ড ফেরত চাইলে চেয়ারম্যান ধমক দেন বলে অভিযোগ তাঁর।
জানতে চাইলে চেয়ারম্যান আনিছ উদ্দিন শাহিনের দাবি, ষড়যন্ত্র করে তাঁর বিরুদ্ধে এসব অভিযোগ তোলা হয়েছে। কারও কার্ড বাতিল করার সুযোগ নেই তাঁর।
মনোহরদী ইউএনও এ এস এম কাসেম জানান, লিখিত অভিযোগ তাঁর কাছে পৌঁছেনি। অভিযোগ পেলে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।
