ঢাকা শুক্রবার, ০৫ জুন ২০২৬

জাতীয় সরকার ও দ্বিকক্ষ বিশিষ্ট সংসদীয় ব্যবস্থা চায় বিএনপি

জাতীয় সরকার ও দ্বিকক্ষ বিশিষ্ট সংসদীয় ব্যবস্থা চায় বিএনপি
×

শনিবার সকালে রংপুর পর্যটন মোটেলের সভা কক্ষে মতবিনিময় সভায় সভাপতির বক্তব্য রাখেন শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি- সমকাল

রংপুর অফিস

প্রকাশ: ১৭ সেপ্টেম্বর ২০২২ | ০৫:১৮ | আপডেট: ১৭ সেপ্টেম্বর ২০২২ | ১০:১৩

দেশে রাজনৈতিক পরিবর্তন আনতে ঐক্যমতের ভিত্তিতে এখন জাতীয় সরকার এবং দ্বিকক্ষ বিশিষ্ট সংসদ অপরিহার্য বলে মন্তব্য করেছেন বিএনপির মিডিয়া সেলের সদস্য সচিব ও সাবেক সংসদ সদস্য শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি। তিনি বলেন, ‘একদলীয় শাসন ব্যবস্থার অধীনে দিনের ভোট রাতে কিংবা ফ্যাসিবাদী কায়দায় ব্যক্তি প্রয়োজনের ভোট আর কখনও যাতে দেশে না হয়, সে জন্য জবাবদিহিতামূলক রাষ্ট্র গঠনের প্রয়োজন রয়েছে। একই সঙ্গে অবাধ-নিরপেক্ষ নির্বাচনোত্তর একটি জাতীয় সরকার এবং দ্বিকক্ষ বিশিষ্ট সংসদীয় ব্যবস্থাও অপরিহার্য।’

শনিবার সকালে রংপুর পর্যটন মোটেলের সভা কক্ষে অনুষ্ঠিত বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির মিডিয়া সেলের উদ্যোগে ‘জবাবদিহিতামূলক রাষ্ট্র গঠনে অবাধ, নিরপেক্ষ, নির্বাচনত্তোর একটি জাতীয় সরকার এবং দ্বিকক্ষ সংসদ অপরিহার্য’ শীর্ষক মতবিনিময় সভায় সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এই মতবিনিময় সভায় দলটির অঙ্গসংগঠন ছাড়াও বিভিন্ন শ্রেণি পেশার বিশিষ্ট নাগরিক ও সচেতন সমাজের প্রতিনিধিরা বক্তব্য রাখেন।

অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন বিএনপির মিডিয়া সেলের সদস্য কাদের গনি চৌধুরী।

শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি আরও বলেন, ‘দেশে আজ গণতন্ত্র, বাকস্বাধীনতা ও ভোটাধিকার নেই। দেশের এই সংকটময় পরিস্থিতিতে একটি অবাধ, সুষ্ঠ ও গ্রহণযোগ্য নির্বাচনের জন্য নির্বাচনকালীনি নির্দলীয় নিরপেক্ষ সরকারের বিকল্প নেই। আওয়ামী লীগ সরকারের অধীনে কোনো সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়। গণতন্ত্র, বাকস্বাধীনতা ও ভোটাধিকার প্রতিষ্ঠা করতে এখন ঐকব্যদ্ধ হওয়ার সময় এসেছে। সবার সম্মিলত আন্দোলন সংগ্রামের মাধ্যমে দেশে জনগণের সরকার প্রতিষ্ঠা করতে হবে।’

মতবিনিময় সভায় ব্যরিস্টার মীর হেলালের সঞ্চালনায় আরও বক্তব্য রাখেন সাবেক উপমন্ত্রী আসাদুল হাবিব দুলু, বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ফরহাদ হোসেন আজাদ, সাবেক সংসদ সদস্য শাম্মী আকতার, সুজন রংপুর জেলা সভাপতি বীর মুক্তিযোদ্ধা আকবর হোসেন, অধ্যাপক জাকির হোসেন, শিক্ষাবিদ ড. ফেরদৌস রহমান, অ্যাডভোকেট আফতাব উদ্দিন, চিকিৎসক তাজুল ইসলাম, সাংবাদিক একেএম মঈনুল হক, গবেষক ড. রোকনুজ্জামান, অ্যাডভোকেট রেজেকা সুলতানা ফেন্সি, সাংবাদিক রেজাউল করিম মানিক প্রমুখ।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- রংপুর জেলা বিএনপির আহ্বায়ক সাইফুল ইসলাম, সদস্য সচিব আনিছুর রহমান লাকু, মহানগর বিএনপির আহ্বায়ক সামসুজ্জামান সামু, সদস্য সচিব অ্যাডভোকেট মাহফুজ-উন-নবী ডনসহ রংপুর বিভাগের আট জেলা থেকে আগত বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ ছাড়াও বিভিন্ন শ্রেণি পেশার বিশিষ্ট নাগরিক ও সচেতন সমাজের প্রতিনিধিরা।

আরও পড়ুন

×