ঢাকা শুক্রবার, ০৩ জুলাই ২০২৬

যশোরে ভরণপোষণ না দেওয়ায় দুই ছেলের বিরুদ্ধে বাবার মামলা

যশোরে ভরণপোষণ না দেওয়ায় দুই ছেলের বিরুদ্ধে বাবার মামলা
×

যশোর অফিস

প্রকাশ: ১৯ সেপ্টেম্বর ২০২২ | ১০:৪১ | আপডেট: ১৯ সেপ্টেম্বর ২০২২ | ১০:৪১

যশোরের ঝিকরগাছার বেনেয়ালী গ্রামের আব্দুল হক নামে এক বৃদ্ধ ভরণপোষণ না পেয়ে দুই ছেলের বিরুদ্ধে আদালতে মামলা করেছেন। সোমবার তিনি বাদী হয়ে যশোর আদালতে মামলাটি করেন। 

মামলার দুই আসামি হলেন- তার দুই ছেলে আসাদুজ্জামান আসাদ ও আবুল কালাম আজাদ। জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক আরমান হোসেন মামলাটি আমলে নিয়ে আসামিদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির আদেশ দিয়েছেন। বিষয়টি নিশ্চিত করেছেন বাদীর আইনজীবী আলমগীর সিদ্দিক। 

মামলার বিবরণে জানা গেছে, আব্দুল হকের দুই ছেলে এক মেয়ে। মেয়ের বিয়ে হয়ে গেছে। ছেলে আবুল কালাম কৃষি কাজ ও আসাদ চাকরি করেন। আসাদকে এমএ পাস করানোর পর ব্যবসা করার জন্য তিনি সাড়ে পাঁচ লাখ টাকা দিয়েছেন। এক পর্যায়ে বেনেয়ালী বাজারে বাড়িসহ ২৬ শতক জমি তারা দুই ভাই ও মায়ের নামে লিখে নেন। আবুল কালাম বাড়িতে থাকেন এবং আসাদ চাকরির সুবাদে সাতক্ষীরায় থাকেন। 

এতদিন আসাদের ভাগের একটি রুমে তিনি বসবাস করতেন। গত ২ সেপ্টেম্বর আসাদ বাড়ি এসে ঘর থেকে বের করে তালা লাগিয়ে দেন। দুই ছেলে বাবার ভরণপোষণ দেন না। যাবতীয় সম্পদ তারা নিজেদের নামে লিখে নিয়ে বৃদ্ধ বাবাকে বাড়ি থেকে বের করে দিয়েছেন। বর্তমানে তিনি বাজারের লোকজনের সহযোগিতায় কোনোরকম জীবন-যাপন করছেন। ছেলেদের সঙ্গে বিষয়টি স্থানীয়ভাবে মীমাংসায় ব্যর্থ হয়ে তিনি ভরণপোষণের দাবিতে আদালতে এই মামলা করেছেন। 

বাদীর আইনজীবী আলমগীর সিদ্দিক জানিয়েছেন, আদালত বাদীর অভিযোগ আমলে নিয়ে আসামিদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন।

আরও পড়ুন

×