হাতি আটকাতে নিজের পাতা ফাঁদেই প্রাণ গেল যুবকের
বন্যহাতি- প্রতীকী ছবি
ময়মনসিংহ প্রতিনিধি
প্রকাশ: ২১ সেপ্টেম্বর ২০২২ | ০১:৪৫ | আপডেট: ২১ সেপ্টেম্বর ২০২২ | ০১:৪৫
ময়মনসিংহের হালুয়াঘাটে ফসল রক্ষায় বন্য হাতি আটকাতে নিজের পাতা বৈদ্যুতিক ফাঁদে পড়ে প্রাণ গেছে এক যুবকের। মঙ্গলবার সন্ধ্যায় উপজেলার ভূবনকুড়া ইউনিয়নের কুচপাড়ায় এ ঘটনা ঘটে।
নিহত যুবকের নাম মো. জাহাঙ্গীর আলম (৩৫)। তিনি উপজেলার ভূবনকুড়া ইউনিয়নের কড়াইতলী গ্রামের আব্দুল জব্বারের ছেলে।
স্থানীয়রা জানান, সাম্প্রতিক সময়ে পাহাড়ি এলাকায় প্রায় প্রতি রাতে বন্য হাতির পাল হানা দিয়ে সবজি খেত, ফসল ও গাছের চারার ব্যাপক ক্ষতি করছে। হাতির আক্রমণে অতিষ্ঠ হয়ে এলাকার লোকজন নিজেদের বাড়িঘর রক্ষা করার জন্য জেনারেটর ও বিদ্যুতের তার দিয়ে ফাঁদ পাতেন। এতে একটি হাতি শক খেয়ে প্রায় আধা ঘণ্টা অচেতন অবস্থায় পড়ে ছিল। এ সময় তারটি ছিঁড়ে যায়, পরে তারটি ঠিক করে ফের সংযোগ দিতে গেলে বিদ্যুৎস্পৃষ্ট হন জাহাঙ্গীর আলম। স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
নিহতের বড় ভাই জয়নাল আবেদীন জানান, বন্যহাতির পাল হানা দিয়ে রোপণ করা আমন ধান নষ্ট করে। হাতির কবল থেকে বাঁচতে ও ঘর-বাড়ি রক্ষা করতে জেনারেটারের মাধ্যমে তার দিয়ে সিমান্ত এলাকায় কারেন্ট শক এর ব্যবস্থা করার সময় বিদ্যুতের তারে জড়িয়ে তার ছোট ভাইয়ের মৃত্যু হয়েছে। হাতির পাল এখনও এলাকায় বিচরণ করছে। দু’দিন ধরে তারা জেনারেটারের মাধ্যমে তার দিয়ে সিমান্ত এলাকায় কারেন্ট শক এর ব্যবস্থা করেছিল।
ভূবনকুড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এমএ সুরুজ মিঞা জানান, হাতির তাণ্ডবে পাহাড়ি এলাকার লোকজন অতিষ্ঠ হয়ে পড়ছেন। দ্রুত কার্যকর ব্যবস্থা নেওয়া দরকার।
হালুয়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহিনুজ্জামান খান বলেন, সীমান্ত এলাকায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একজনের মৃত্যু হয়েছে বলে জেনেছি। এ বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
- বিষয় :
- ময়মনসিংহ
- হালুয়াঘাট
- ফসল রক্ষা
- বৈদ্যুতিক ফাঁদ
