আরও বিশ্বকাপ জয় করতে চান আকবর
নাগরিক সংবর্ধনা অনুষ্ঠানে ক্রেস্ট তুলে দেওয়া হয় আকবর আলীর হাতে। ছবি: সমকাল
রংপুর অফিস
প্রকাশ: ২৩ ফেব্রুয়ারি ২০২০ | ০৭:০০
আগামীতে আরও বিশ্বকাপ জয়ের আশা ব্যক্ত করে অনুর্ধ্ব-১৯ ক্রিকেট দলের অধিনায়ক আকবর আলী বলেছেন, বাংলাদেশ ক্রিকেটের জন্য সকলের কাছে দোয়া কামনা করছি। আমরা যেন আগামী দিনে এগিয়ে যেতে পারি সেজন্য সকলে সাপোর্ট করবেন। আমাদের বিশ্বকাপ জয়টা শেষ নয়, এটা যেন শুরু হয় সেজন্যও দোয়া কামনা করছি।
রোববার বিকেলে রংপুর পাবলিক লাইব্রেরী মাঠে সিটি কর্পোরেশন আয়োজিত অনুর্ধ্ব-১৯ ক্রিকেট দলের অধিনায়ক আকবর আলী ও জাতীয় টেবিল টেনিস চ্যাম্পিয়ন মুহতাসিন আহমেদ হৃদয়ের নাগরিক সংবর্ধনা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে তিনি দেশবাসীর কাছে এ প্রত্যাশা করেন।
সিটি কর্পোরেশনের মেয়র মোস্তাফিজার রহমান মোস্তফার সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন, জেলা ক্রীড়া সংস্থার সভাপতি জেলা প্রশাসক আসিব আহসান, প্যানেল মেয়র মাহমুদুর রহমান টিটু, সিটি কর্পোরেশনের কাউন্সিলর সেকেন্দার আলী, জেলা জাতীয় পার্টির যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক, বিশিষ্ট ব্যবসায়ী তানবীর হোসেন আশরাফীসহ অন্যরা।
অনুষ্ঠানে সিটি কর্পোরেশন ছাড়াও জাতীয় যুব সংহতি রংপুর মহানগর শাখা, বাংলার চোখ সাংস্কৃতিক সামাজিক সংগঠন, আমরাই পারি সামাজিক সংগঠন, জেলা দোকান মালিক সমিতি, মহানগর দোকান মালিক সমিতিসহ বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক, রাজনৈতিক ও পেশাজীবী সংগঠনের নেতৃবন্দ ও খেলোয়াররা আকবর ও হৃদয়কে সংবর্ধনা দেয়। অনুষ্ঠানে সিটি কর্পোরেশনের মেয়র মোস্তাফিজার রহমান মোস্তফা রংপুরের দুই কৃতি খেলোয়ারকে আর্থিক সম্মাননা প্রদানসহ তাদের বাড়ির হোল্ডিং ট্যাক্স ও পানির বিল আজীবনের জন্য মওকুফ করার ঘোষনা দেন। পরে স্থানীয় বেতার ও টেলিভিশনের শিল্পীদের পরিবেশনায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।
- বিষয় :
- অনুর্ধ্ব-১৯ ক্রিকেট
- আকবর আলী
- রংপুর
