ঢাকা শুক্রবার, ০৫ জুন ২০২৬

ঘুষ নেওয়ার সময় হাতেনাতে ধরা অফিস সহকারী

ঘুষ নেওয়ার সময় হাতেনাতে ধরা অফিস সহকারী
×

জামালপুর প্রতিনিধি

প্রকাশ: ১৬ অক্টোবর ২০১৯ | ০৬:০৭ | আপডেট: ১৬ অক্টোবর ২০১৯ | ০৬:২০

নার্সদের কাছ থেকে ঘুষ নেওয়ার সময় জামালপুর জেনারেল হাসপাতালের অফিস সহকারীকে হাতেনাতে গ্রেফতার করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

বুধবার দুপুরে হাসপাতালটির প্রশাসনিক ভবনের দ্বিতীয় তলার সহকারী পরিচালকের অফিস কক্ষ থেকে ১ লাখ ৩৩ হাজার ৩২ টাকাসহ তাকে গ্রেফতার করা হয়। 

গ্রেফতার কাজী গোলাম মোস্তফা (৩৫) জামালপুর সদর উপজেলার নরুন্দি এলাকার মিরাপুর গ্রামের আব্দুস সালামের ছেলে। তিনি ২৫০ শয্যা জামালপুর সদর হাসপাতালের অফিস সহকারী কাম-কম্পিউটার অপারেটর পদে কর্মরত। 

দুর্নীতি দমন কমিশন সমন্বিত কার্যালয় টাঙ্গাইলের উপ-পরিচালক মোস্তাফিজুর রহমান জানান, হাসপাতালের নার্সদের অভিযোগের ভিত্তিতে বুধবার দুপুরে দুদকের একটি দল হাসপাতালের প্রশাসনিক ভবনে অভিযান চালায়। অভিযানে গোলাম মোস্তফার প্যান্টের পকেট থেকে ২৭ হাজার ৩২ টাকা, একটি খামের ভেতর থেকে ৩৬ হাজার টাকা, অফিসের আলমারি থেকে ৭০ হাজারসহ মোট ১ লাখ ৩৩ হাজার ৩২ টাকা জব্দ করা হয়। 

তিনি বলেন, 'দীর্ঘদিন যাবৎ গোলাম মোস্তফা নার্সদের কাছ থেকে অফিসিয়াল বিভিন্ন কাজের কথা বলে ঘুষ নিচ্ছিলেন বলে অভিযোগ রয়েছে। তিনি আমাদের নজরদারির মধ্যেই ছিলেন। ঘুষ গ্রহণের সঙ্গে হাসপাতালের কে কে যুক্ত তা তদন্ত করে দেখা হচ্ছে।'

জামপালপুরে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে জানিয়ে তিনি বলেন, এ ঘটনায় জামালপুর সদর থানায় মামলা হয়েছে।


আরও পড়ুন

×