এলাকার সমস্যা নিয়ে জনতার প্রশ্নের মুখোমুখি হুইপ স্বপন
ক্ষেতলাল উপজেলার মামুদপুর ইউনিয়নে শুক্রবার বিকেলে জনতার মুখোমুখি হুইপ স্বপন। ছবি: সমকাল
জয়পুরহাট প্রতিনিধি
প্রকাশ: ১৪ অক্টোবর ২০২২ | ০৪:২৮ | আপডেট: ১৪ অক্টোবর ২০২২ | ০৪:৩২
নির্বাচনি এলাকার সমস্যাভিত্তিক প্রশ্নের উত্তর দিতে তিন দিন ধরে সকাল থেকে রাত ১০টা পর্যন্ত জনতার মুখোমুখি হচ্ছেন জয়পুরহাট-২ আসনের (কালাই-ক্ষেতলাল-আক্কেলপুর) সংসদ সদস্য ও জাতীয় সংসদের হুইপ আবু সাঈদ আল মাহমুদ স্বপন।
প্রথম দিন গত বুধবার দিনভর কালাই উপজেলার ছয়টি স্থানে জনতার মুখোমুখি হয়ে একই মঞ্চে বিভিন্ন প্রশ্ন শোনার পর সেগুলো সমাধান করার পরামর্শমূলক জবাব দিয়েছেন। বুধবার রাত সাড়ে ৮টায় কালাই পৌরসভার আঁওড়া মহল্লার কালিমন্ডপ এলাকায় ৯টি ওয়ার্ডের জনসাধারনের প্রশ্নের জবাব দিতে মুখোমুখি হন হুইপ স্বপন। সেখানে কালাই মুন্সীপাড়া মহল্লার বাসিন্দা মিজানুর রহমান বলেন, ‘আমরা কৃষক মানুষ। বর্তমানে ডিলারদের কাছ থেকে বেশি দামে সার কিনতে হচ্ছে। পাশাপাশি কালাই তহসিল অফিসে জমির খাজনা দিতে গিয়ে আমাদের নানাভাবে হয়রানির শিকার হতে হচ্ছে। এসব থেকে আমরা পরিত্রাণ চাই।’ জবাবে হুইপ স্বপন দ্রুত সময়ের মধ্যে সমাধানের আশ্বাস দেন।
এরপর বৃহস্পতিবার তিনি সকাল সাড়ে ১১টার দিকে আক্কেলপুর উপজেলার ভিকনী গ্রামে জনতার মুখোমুখি হন। ওই গ্রামের বাসিন্দা বেলাল হোসেন বলেন, ‘এলাকায় গরু চুরিসহ বিভিন্ন অপরাধ বেড়েই চলেছে। দুদিন আগে এই গ্রামের কয়েকজনের গরু চুরি হয়েছে। আমরা এখন আতঙ্কে রাত পার করছি।’ হুইপ তাকেও দ্রুত ব্যবস্থা নেওয়ার কথা বলে আশ্বস্ত করেন। বৃহস্পতিবার দিনভর আক্কেলপুর উপজেলার ছয়টি স্থানে একের পর এক তিনি জনতার মুখোমুখি হয়ে বিভিন্ন প্রশ্নের জবাব দিয়েছেন।
শেষ দিন আজ শুক্রবার হুইপ স্বপন ক্ষেতলাল উপজেলার আলমপুর ইউনিয়নের শিবপুর বাজার এলাকায় সকাল সাড়ে ৯টায় জবাবদিহিতামূলক জনতার প্রশ্নের মুখোমুখি অনুষ্ঠানে যোগ দেন। এ উপজেলায়ও চারটি স্থানে তিনি জনতার মুখোমুখি হওয়ার কথা। আজ বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার বড়াইল ইউনিয়ন পরিষদ এলাকায় জনতার মুখোমুখি অনুষ্ঠানে বড়াইল গ্রামের বাসিন্দা ফজলুর রহমান বলেন, ‘ঢাকায় গিয়ে তার সাথে দেখা করার তেমন সুযোগ হয় না। আর সবাই ঢাকায় যেতেও পারে না। সংসদ সদস্যকে আজ সরাসরি প্রশ্ন করতে পেরে আমি খুশি। এলাকার রাস্তা-ঘাট নিয়ে তাকে প্রশ্ন করেছি। তিনি সমাধানের চেষ্টা করবেন বলে আশ্বস্ত করেছেন।’
জয়পুরহাট-২ আসনের তিনটি উপজেলার বিভিন্ন গ্রাম ও মহল্লার বাসিন্দারা গত তিন দিন হুইপের কাছে বিভিন্ন প্রশ্ন, নেতাকর্মীদের নিয়ে অভিযোগ, চাওয়া-পাওয়ার কথা তুলে ধরার সুযোগ পেয়েছেন ‘তৃণমূল জনতার মুখোমুখি জনপ্রতিনিধি’ নামের এই অনুষ্ঠানে। এমন আয়োজন করেন জয়পুরহাট-২ আসনের (কালাই-ক্ষেতলাল-আক্কেলপুর) সংসদ সদস্য ও জাতীয় সংসদের হুইপ আবু সাঈদ আল মাহমুদ স্বপন নিজেই।
অনুষ্ঠানে কৃষক, শ্রমিকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের যেকোনো প্রশ্নের জবাব দেন স্বপন। দলের নেতাকর্মী, এমনকি তাঁর বিরুদ্ধেও যদি কোনো অভিযোগ থাকে, তা বলতে অনুরোধ জানানো হয় অনুষ্ঠানে। প্রকাশ্যে বলতে না পারলেও নাম ও পরিচয় গোপন রেখে তিনি কাগজে লিখে প্রশ্ন করার অনুরোধ করেন।
সংসদ সদস্যের তিন দিনের এই ব্যতিক্রমী অনুষ্ঠান নিয়ে কালাই উপজেলার বীর মুক্তিযোদ্ধা বাবু মুনিষ চৌধুরী বলেন, ‘স্বাধীনতার পরে অনেকেই নির্বাচিত হয়ে এলাকায় সংসদ সদস্য হয়েছিলেন। আগে এমন উদ্যোগ তো দূরের কথা, জনগণের সামনেও আসতে দেখিনি কোনো জনপ্রতিনিধিকে। সংসদ সদস্য নিজেই এসে জনগণের কাঠগড়ায় দাঁড়িয়েছেন এই প্রথম দেখলাম। এটি নিঃসন্দেহে একটি ব্যতিক্রমী উদ্যোগ।’
