'বেঁচে থেকেতো মুক্তি পাব না, তাই এভাবেই...'
ফাইল ছবি
বান্দরবান প্রতিনিধি
প্রকাশ: ১৬ অক্টোবর ২০১৯ | ০৯:৫০
'বাই, ভালো থাকিস, বেঁচে থেকেতো মুক্তি পেতে পারবো না, তাই এই ভাবেই মুক্তি পেতে চাই'- বন্ধুর ফেসবুক ম্যাসেঞ্জারে একটি ভিডিও বার্তায় কথাগুলো বলার কিছু সময় পরই মৃতদেহ উদ্ধার হয়েছে বান্দরবানের জনপ্রিয় কন্ঠশিল্পী পংকজ দেবনাথের (২৯)।
মঙ্গলবার রাত ১টার দিকে শহরের বালাঘাটা এলাকায় তার নিজ বাসা থেকে লাশ উদ্ধার করে পুলিশ। পরিবারের ধারণা, প্রেমিকার সঙ্গে মনোমালিন্যের কারণে এই আত্মহত্যা।
শিল্পী পংকজের ১৭ সেকেন্ডের ম্যাসেঞ্জারে দেওয়া ভিডিওতে দেখা যায়, বেশ হাসিমাখা মুখ। খালি গায়ে মাথার উপর ফাঁসির দড়ি ঝুলছে। হাসিমাখা মুখে 'বাই, ভালো থাকিস, বেঁচে থেকেতো মুক্তি পেতে পারবো না, তাই এই ভাবেই মুক্তি পেতে চাই' বলার পর একটি চুম্বন দেন তিনি ।
এই ভিডিও বার্তা দেয়ার পরপরই পংকজ আত্মহত্যার পথ বেছে নেন বলে স্বজনদের অভিযোগ।
পংকজের মা শেফালি বলেন, তার কয়েকজন ঘনিষ্ঠ বন্ধু বাসায় এসে প্রথমে পংকজকে ডাকাডাকি করে। পরে আমাদেরকে ডাকাডাকি শুরু করে। এ সময় আমরা ঘুমাচ্ছিলাম। শব্দ শুনে দরজা খুলে দিলে তার বন্ধুরা ঘরে প্রবেশ করে তার রুমে যায়। সেখানে ছেলের ঝুলন্ত দেহ দেখতে পায় সবাই।
তিনি বলেন, এরপর পুলিশকে খবর দেওয়া হয়। পুলিশ এসে ছেলেকে নামিয়ে দ্রুত হাসপাতালে নিয়ে যায়। সেখানকার চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
বুধবার সকালে জেলা সদর হাসপাতালে শিল্পী পংকজের মৃতদেহের ময়নাতদন্ত সম্পন্ন হয়। এরপর বিকেলে শহরের বালাঘাটা হিন্দু শ্মশানে সম্পন্ন হয় তার শেষকৃত্য।
নিহতের পরিবার ও বন্ধুরা বলছেন, শহরের এক মারমা সম্প্রদায়ের তরণীর সঙ্গে তার গভীর প্রেমের সম্পর্ক ছিল। প্রেমিকার সঙ্গে মনোমালিন্যের কারণেই হয়ত আত্মহত্যার পথ বেছে নিয়েছে সে।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শহিদুল ইসলাম চৌধুরী বলেন, খবর পাওয়ার পর বালাঘাটায় তার নিজ বাসা থেকে পংকজের ঝুলন্ত দেহ উদ্ধার করা হয়। এরপর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
উল্লেখ্য, বান্দরবানের তরুণ কন্ঠশিল্পী পংকজ দেবনাথ একটি বেসরকারি টেলিভিশনের বাংলাদেশ আইডল প্রতিযোগিতায় শেষ আটজনের মধ্যে ছিলেন।
- বিষয় :
- বান্দরবান
- শিল্পী পংকজ
