দেড়শ' কোটি টাকার সার গায়েব: গুদাম কর্মকর্তার বিরুদ্ধে আরও এক মামলা
বগুড়া ব্যুরো
প্রকাশ: ১৬ অক্টোবর ২০১৯ | ১০:২৮
বগুড়ার সান্তাহারে সরকারি বাফার গুদাম থেকে দেড়শ' কোটি টাকার সার আত্মসাতের মামলায় অভিযুক্ত ওই গুদামের সাবেক উপপ্রধান প্রকৌশলী নবির উদ্দিন খানের বিরুদ্ধে এবার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে আরেকটি মামলা হয়েছে। দুর্নীতি দমন কমিশনের (দুদক) বগুড়া সমন্বিত জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আমিনুল ইসলাম বাদী হয়ে বুধবার দুপুরে এ মামলা করেন।
দুদক কর্মকর্তারা জানান, ১৫৩ কোটি টাকা মূল্যের সাড়ে ৫২ হাজার টন সরকারি সার আত্মসাতের অভিযোগে গত বছরের ৩১ অক্টোবর নবির উদ্দিন খানসহ দু'জনের বিরুদ্ধে মামলা হয়। ওই মামলায় প্রায় ৮ মাস কারাভোগের পর সম্প্রতি তিনি জামিনে ছাড়া পান। এরপর থেকেই তিনি পলাতক।
অভিযুক্ত নবির উদ্দিন খান নওগাঁ জেলার রাণীনগর উপজেলার ধোপাপাড়া গ্রামের মৃত ময়েজ উদ্দিনের ছেলে।
মামলার বাদী আমিনুল ইসলাম জানান, সার আত্মসাতের মামলাটি তদন্তকালে জানা যায় যে, নবির উদ্দিন খান এবং তার স্ত্রী মোহছীনা বেগমের নামে জ্ঞাত আয়বহির্ভূত অনেক সম্পদ রয়েছে। তাদের দু'জনকে সম্পদ বিবরণী দাখিলের জন্য গত ২৫ জুন আলাদাভাবে চিঠি দেওয়া হয়। মোহছীনা বেগম সম্পদ বিবরণী দুদক কার্যালয়ে দাখিল করলেও তার স্বামী নবির উদ্দিন খান তা অগ্রাহ্য করেন। তখন দুদক কর্মকর্তারা তার সম্পদের অনুসন্ধান শুরু করেন। তদন্তকালে দুদক কর্মকর্তারা তার নামে চার কোটি ৯৬ লাখ টাকার স্থাবর ও অস্থাবর সম্পদ অর্জনের তথ্য পান। এরপরই তার বিরুদ্ধে মামলার সিদ্ধান্ত হয়।
- বিষয় :
- সার গায়েব
- গুদাম কর্মকর্তা
- মামলা
- সান্তাহার