ফরিদপুরে স্বেচ্ছাসেবীদের মিলনমেলা
ফরিদপুর অফিস
প্রকাশ: ২৮ অক্টোবর ২০২২ | ১০:৪৯ | আপডেট: ২৮ অক্টোবর ২০২২ | ১০:৪৯
ফরিদপুরে স্বেচ্ছাসেবীদের মিলনমেলা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার দিনব্যাপী জেলার সদরের ধুলদি এলাকার ফ্যান প্যারাডাইস পার্কে জেলার সব স্বেচ্ছাসেবী সংগঠনের আয়োজনে ‘এসো হাতে হাত ধরি, স্বেচ্ছাসেবী মানুষ গড়ি’ প্রতিপাদ্যকে সামনে রেখে এ মিলনমেলা হয়।
এতে জেলার ৬২টি স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্যরা অংশগ্রহণ করেন। প্রতিটি সংগঠনের কার্যক্রম বেগবান করার লক্ষ্যে এবং একে অপরের কার্যক্রম শেয়ার ও পরিচিতি লাভের জন্য এ মিলন মেলার আয়োজন করা হয়েছে বলে আয়োজকরা জানান।
সকাল ১০টায় প্রতিটি সংগঠনের ও সদস্যদের পরিচিতির মধ্য দিয়ে শুরু হয় আলোচনা পর্ব। এ সময় উঠে আসে প্রতিটি সংগঠনের বিভিন্ন কার্যক্রম। এতে স্বেচ্ছাসেবী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এদের মধ্যে অনেক সংগঠনই জেলার অসহায়, হতদরিদ্র মানুষের পাশে দাঁড়ানো, শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ, রক্ত সংগ্রহ করে রক্তদান, যেকোনো দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানো, চিকিৎসা খরচ চালানো অস্বচ্ছল পরিবারের পাশে দাঁড়ানো, গরিব মেধাবী শিক্ষার্থীদের পাশে দাঁড়ানোসহ বিভিন্ন কার্যক্রম করে থাকেন। কেউ মৃত মানুষের দাফন-কাফনের ব্যবস্থা করা, দাঙ্গা প্রবণতা বন্ধে মানুষের মাঝে সচেতনতা নিয়ে কাজ করা, বাল্যবিবাহ রোধে সচেতনতা নিয়ে কাজ করে থাকেন বলে মিলনমেলায় জানানো হয়।
এ ছাড়া ফরিদপুরের ইতিহাস ঐতিহ্যকে মানুষের মাঝে তুলে ধরা, নতুন নতুন উদ্যোক্তা সৃষ্টি করে বেকারত্ব দূরীকরণে কয়েকটি সংগঠণ কাজ করে থাকেন বলে জানানো হয়। দিনব্যাপী বিভিন্ন আয়োজনের মধ্য দিয়ে শেষ হয় এ মিলনমেলা।
- বিষয় :
- ফরিদপুর
- স্বেচ্ছাসেবী
- মিলনমেলা
