বিএনপির গণসমাবেশ
বরিশালে এবার দু'দিন লঞ্চ বন্ধের নির্দেশ
বরিশাল ব্যুরো
প্রকাশ: ০১ নভেম্বর ২০২২ | ১২:০০ | আপডেট: ০২ নভেম্বর ২০২২ | ০২:২৭
বিএনপির বিভাগীয় গণসমাবেশকে কেন্দ্র করে বরিশালে দু'দিন বাস ও তিন চাকার যানবাহন বন্ধ ঘোষণার পর এবার যাত্রীবাহী লঞ্চ বন্ধ করার প্রক্রিয়া চলছে। ৪ ও ৫ নভেম্বর লঞ্চ বন্ধ রাখার জন্য মালিকদের ওপর স্থানীয় আওয়ামী লীগ থেকে চাপ দেওয়া হচ্ছে বলে জানা গেছে। ফলে যে কোনো সময় লঞ্চ বন্ধের ঘোষণা আসতে পারে।
একাধিক লঞ্চ মালিক এ তথ্যের সত্যতা নিশ্চিত করে সমকালকে জানিয়েছেন, মহানগর শ্রমিক লীগের সাধারণ সম্পাদক পরিমল চন্দ্র দাস সোমবার বিকেলে পোর্ট রোড লঞ্চ মালিক সমিতি ভবনে গিয়ে শুক্র ও শনিবার লঞ্চ বন্ধ থাকবে বলে নির্দেশ দেন। এর পর সমিতির পক্ষ থেকে মালিকদের ফোন করে দু'দিন লঞ্চ বন্ধ রাখতে বলা হচ্ছে। একাধিক মালিক জানিয়েছেন, পরিমল দাস নির্দেশ দেওয়ায় লঞ্চ মালিকরা বিব্রতকর অবস্থায় পড়েছেন। কারণ, তিনি বরিশাল লঞ্চঘাটের তালিকাভুক্ত শ্রমিক।
আওয়ামী লীগ ক্ষমতায় আসার আগ পর্যন্ত শ্রমিকের পেশাই ছিল তাঁর একমাত্র জীবিকা। দল ক্ষমতায় আসার পর তিনি শ্রমিক লীগের পদপদবি পেয়ে দাপুটে নেতায় পরিণত হয়েছেন। তিনি লঞ্চঘাটের নিয়ন্ত্রক ছাড়াও মোটরযান শ্রমিক ইউনিয়নের সভাপতি। মালিকরা জানান, একজন শ্রমিক হয়ে পরিমল দাস এ ধরনের নির্দেশ দেওয়ায় তাঁরা অপমানবোধ করছেন। তবে ক্ষমতাসীন দলের শ্রমিক নেতা হওয়ায় এ বিষয়ে কেউ প্রকাশ্যে প্রতিক্রিয়া দেননি।
এ বিষয়ে পরিমল চন্দ্র দাসকে ফোন দেওয়া হলে সমকালকে তিনি উচ্ছ্বসিত কণ্ঠে বলেন, 'লঞ্চ বন্ধ হয়ে যাচ্ছে।' কেন বন্ধ হবে জানতে চাইলে তিনি বলেন, 'আপনারা কি জানেন না, কেন বন্ধ হবে?' তিনি লঞ্চ বন্ধ রাখার নির্দেশ দিয়েছেন কিনা জানতে চাইলে বলেন, 'আমি তো সাধারণ শ্রমিক, আমি কেন লঞ্চ বন্ধ করতে বলব? শুনেছি, মালিকদের কিছু দাবি আছে; তাই তাঁরা দুই দিন লঞ্চ বন্ধ রাখবেন।'
- বিষয় :
- গণসমাবেশ
- বিএনপি
- যাত্রীবাহী লঞ্চ
