ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

সড়কে চাঁদাবাজি বন্ধের দাবি

সড়কে চাঁদাবাজি বন্ধের দাবি
×

ছবি: সংগৃহীত

নান্দাইল (ময়মনসিংহ) প্রতিনিধি

প্রকাশ: ০৩ নভেম্বর ২০২২ | ১২:০০ | আপডেট: ০৪ নভেম্বর ২০২২ | ০০:৪৯

নান্দাইল উপজেলার বিভিন্ন সড়কে যানবাহন থামিয়ে চাঁদা আদায় বন্ধের দাবিতে মানববন্ধন করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার এই মানববন্ধন করেন ইজিবাইকের চালক ও শ্রমিকরা। ময়মনসিংহ-কিশোরগঞ্জ মহাসড়কের পাশে নান্দাইল উপজেলা পরিষদের বঙ্গবন্ধুর প্রতিকৃতির সামনে সকাল সাড়ে ১০টার দিকে এ কর্মসূচির আয়োজন করা হয়। তবে চাঁদাবাজির সঙ্গে জড়িতদের বাধায় মানববন্ধনটি পণ্ড হয়ে যায়। এর পর পুরোনো বাসস্ট্যান্ডের কাছে একই সড়কে গিয়ে দাঁড়ালে সেখানেও বাধা দেওয়া হয়।

জানা গেছে, দীর্ঘদিন ধরে নান্দাইল উপজেলার সব সড়কে ছোট ছোট যানবাহন থামিয়ে অবৈধভাবে চাঁদা আদায় করছে একটি চক্র। এর প্রতিবাদে আগেও কর্মসূচি পালন করেছেন তাঁরা।

বৃহস্পতিবারও উপজেলা পরিষদের সামনে মানববন্ধন করা হয়। এ জন্য গত দু'দিন প্রচারও চালিয়েছেন। তবে মানববন্ধনে আসার পথে মালিক-শ্রমিকদের বাধা দিয়েছে চাঁদাবাজির সঙ্গে জড়িতরা। এর পর কিছু সংখ্যক চালক ও শ্রমিক কর্মসূচি পালনের উদ্দেশ্যে নির্দিষ্ট স্থানে গিয়ে দাঁড়ান। এর কিছুক্ষণ পরই চালক ও শ্রমিকদের কিল-ঘুসি মারতে শুরু করে চাঁদাবাজির সঙ্গে জড়িতরা। এক পর্যায়ে কর্মসূচির ব্যানারটি ছিনিয়ে নিয়ে যায়। এর পর একই সড়কের পুরোনো বাসস্ট্যান্ডে গিয়ে কর্মসূচি পালনের চেষ্টা করেন চালকরা। সেখানেও বাধা দেওয়া হয়। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে বাধাদানকারী কাউকে পাওয়া যায়নি। মানববন্ধনে নেতৃত্ব দিয়েছেন শ্রমিক সংগঠক আফেন্দী মো. সঞ্জীব ইসলাম।

আরও পড়ুন

×