নারায়ণগঞ্জে যারা করোনার টিকা নেয়নি খুঁজে বের করা হবে: মেয়র আইভী
নারায়ণগঞ্জ কালেক্টরেট প্রিপারেটরি স্কুলে শিশুদের করোনা টিকাদান কর্মসূচি পরিদর্শন করেন মেয়র সেলিনা হায়াৎ আইভী ও যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত পিটার ডি হাস। ছবি- সমকাল।
নারায়ণগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: ০৯ নভেম্বর ২০২২ | ০০:৪২ | আপডেট: ০৯ নভেম্বর ২০২২ | ০০:৪২
ভাসমান জনগোষ্ঠীসহ নারায়ণগঞ্জের যারা এখনো করোনাভাইরাসের টিকা নেয়নি তাদের খুঁজে বের করে টিকা দেওয়া হবে বলে জানিয়েছেন সিটি করপোরেশনের মেয়র সেলিনা হায়াৎ আইভী। তিনি বলেছেন, আশা করি এভাবে শতভাগ টিকা দেওয়া সম্পন্ন হবে।
আজ বুধবার সকাল সাড়ে ১০টায় শহরের চাষাঢ়া বঙ্গবন্ধু সড়কের নারায়ণগঞ্জ কালেক্টরেট প্রিপারেটরি স্কুলে শিশুদের করোনা টিকাদান কর্মসূচি পরিদর্শনকালে তিনি একথা বলেন।
এ সময় তার সঙ্গে উপস্থিত ছিলেন ঢাকায় নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত পিটার ডি হাস। বাংলাদেশে করোনাভাইরাসের টিকাদানে সাফল্যের প্রশংসা করেছে রাষ্ট্রদূত বলেন, বাংলাদেশ ৭৫ শতাংশ জনগোষ্ঠীকে টিকা কার্যক্রমের আওতায় আনতে পেরেছে, যা বিশ্বে সর্বোচ্চ। আগামী সেপ্টেম্বরে জাতিসংঘের আয়োজনে এই অর্জনের জন্য বাংলাদেশকে আমন্ত্রণ জানানো হবে।
বাংলাদেশে টিকাদানে আমেরিকা গর্বিত অংশীদার উল্লেখ করে রাষ্ট্রদূত বলেন, এখানে এসে শিশুদের এভাবে আগ্রহের সঙ্গে টিকা নিতে দেখে আমি খুব আনন্দিত। নারায়ণগঞ্জের শিশুরা বেশ সাহসী। তাদের কেউই টিকা নিতে ভয় পাচ্ছে না।
এ সময় আরও উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জের জেলা প্রশাসক মো. মঞ্জুরুল হাফিজ, জেলা সিভিল সার্জন ডা. এ এফ এম মুশিউর রহমান, জেলা পুলিশ সুপার গোলাম মোস্তফা রাসেল, যুক্তরাষ্ট্র দূতাবাস, ইউএসএআইডি, জেলা প্রশাসন ও ব্র্যাকের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।
প্রসঙ্গত, ইউএসএআইডি-র অর্থায়নে ও নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সহায়তায় কমিউনিটি হেলথ সিস্টেম প্রকল্পের আওতায় নারায়ণগঞ্জে শিশুদের জন্য করোনা টিকাদান কর্মসূচি বাস্তবায়ন করছে ব্র্যাক।
