রাজবাড়ীতে ৮ রোহিঙ্গা আটক
রাজবাড়ী প্রতিনিধি
প্রকাশ: ১৭ অক্টোবর ২০১৯ | ০৪:১১ | আপডেট: ১৭ অক্টোবর ২০১৯ | ০৪:১৫
রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার পদ্মার মোড় এলাকা থেকে বৃহস্পতিবার ৮ রোহিঙ্গাকে আটক করেছে পুলিশ। ঢাকা থেকে সাতক্ষীরাগামী ঈগল পরিবহনের একটি বাস থেকে তাদেরকে আটক করা হয়।
আটককৃতরা হলো রশিদুল হক (২২), মিজান (১৮), কামাল (১৮), মিনারা খাতুন (২০), জোহুরা বেগম (৫০), রশিদা খাতুন (২৫), নূর করিমা (৩০) ও হোসনে আরা (২০)।
রশিদুল হক জানান, তিনি তার স্ত্রী মিনারাসহ এই আট জন সাতক্ষীরা যাচ্ছিলেন। বুধবার তারা সাতক্ষীরার এক বাসিন্দার সাথে মোবাইল ফোনে যোগাযোগ করে চিটাগাং থেকে ঢাকায় আসে। ঢাকা থেকে ভোরে সাতক্ষীরার উদ্দেশ্যে রওয়ানা হয়।
রাজবাড়ীর অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ সালাহউদ্দিন জানান, গোপন সংবাদের ভিত্তিতে গোয়ালন্দ উপজেলার পদ্মার মোড় এলাকায় অভিযান চালিয়ে ঢাকা থেকে সাতক্ষীরাগামী ঈগল পরিবহনের একটি বাস থেকে ওই আটজন রোহিঙ্গাকে আটক করা হয়েছে। আটজনের মধ্যে ৫ জন নারী ৩ জন পুরুষ রয়েছে। তারা সাতক্ষীরা সীমান্ত দিয়ে ভারতে যাওয়ার পরিকল্পনা করেছিলেন।
এদের মধ্যে একজন বাংলায় কথা বলতে ও বুঝতে পারে। সে জানিয়েছে তারা কতুপালং রোহিঙ্গা ২ নম্বর ক্যাম্পে ছিল। তাদের আবার কতুপালং ২ নম্বর রোহিঙ্গা ক্যাম্পে ফেরত পাঠানোর প্রক্রিয়া চলছে বলে জানান পুলিশ সুপার।
- বিষয় :
- রোহিঙ্গা
- আটক
- রাজবাড়ী
- ঈগল পরিবহন
