ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

চবিতে দুই গ্রুপে সংঘর্ষ

সহকারী প্রক্টরকে রামদা দেখাল ছাত্রলীগ

সহকারী প্রক্টরকে রামদা দেখাল ছাত্রলীগ
×

চবি প্রতিনিধি

প্রকাশ: ০৩ ডিসেম্বর ২০২২ | ১০:৫৯ | আপডেট: ০৩ ডিসেম্বর ২০২২ | ১২:০৪

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) ছাত্রলীগের দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ হয়েছে। গত শুক্রবার রাতের এ ঘটনায় উভয়পক্ষের অন্তত আটজন আহত হয়েছেন। এএফ রহমান হলে দেয়াল লিখন নিয়ে এ ঘটনা ঘটে। এ সময় বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর শাহরিয়ার বুলবুলের দিকে একটি গ্রুপ রামদা নিয়ে তেড়ে আসে।

ক্যাম্পাস সূত্রে জানা যায়, এএফ রহমানের দেয়ালে 'বিজয়' গ্রুপের নাম লেখা ছিল। সেই নাম মুছে 'ভার্সিটি এক্সপ্রেস (ভিএক্স)' গ্রুপের নাম লেখা নিয়ে শুক্রবার রাত ৯টার দিকে দু'পক্ষের মধ্যে সংঘর্ষ বাধে। পরে রাত আড়াইটায় প্রক্টরিয়াল বডি ও পুলিশের সহায়তায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।
চবির হলগুলো মূলত চবি ছাত্রলীগের ১১টি গ্রুপ নিয়ন্ত্রণ করে। দীর্ঘদিন এএফ রহমান হলে আধিপত্য বিস্তার করে আসছেন বিজয় গ্রুপের নেতাকর্মীরা। পুরো হলের দেয়ালজুড়ে 'বিজয়' লেখা ছিল। কিন্তু হলের ভিএক্স গ্রুপের নেতাকর্মীরা বিজয় লেখা মুছে নিজেদের গ্রুপের নাম লিখতে গেলে দু'পক্ষের মধ্যে বাগ্‌বিতণ্ডা হয়। এক পর্যায়ে শুক্রবার রাত ৯টার দিকে দু'পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে। পরে ভিএক্সের নেতাকর্মীরা এএফ রহমান হল দখলে নেন।
বিজয় গ্রুপের নেতা ও শাখা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ ইলিয়াছ বলেন, ভিএক্স গ্রুপের নেতাকর্মীরা পরিকল্পিতভাবে সংঘর্ষ বাধায়। ভিএক্স গ্রুপের নেতা ও শাখা ছাত্রলীগের সহসভাপতি প্রদীপ চক্রবর্তী বলেন, বিজয় গ্রুপের নেতাকর্মীরা হামলা করলে প্রতিহত করি। সহকারী প্রক্টর শহিদুল ইসলাম বলেন, তাঁকে দেখে রামদা হাতে নিয়ে এক গ্রুপ তেড়ে আসে। পরে পরিচয় পেয়ে চলে যায়।

আরও পড়ুন

×