বগুড়ায় স্কুলছাত্রী আত্মহত্যার ঘটনায় প্রেমিক গ্রেপ্তার
বগুড়ায় স্কুলছাত্রীর আত্মহত্যার ঘটনায় গ্রেপ্তার আব্দুল মানিক
বগুড়া ব্যুরো
প্রকাশ: ১৪ ডিসেম্বর ২০২২ | ০৩:৪৫ | আপডেট: ১৪ ডিসেম্বর ২০২২ | ০৩:৪৭
বগুড়ার শেরপুরে নবম শ্রেণির এক স্কুলছাত্রীর আত্মহত্যার ঘটনায় আব্দুল মানিক (২২) নামের একজনকে গ্রেপ্তার করেছে র্যাব। মঙ্গলবার মধ্যরাতে জেলার সারিয়াকান্দি উপজেলা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। মানিক শেরপুর উপজেলার দড়িপাড়া একাডেমী গ্রামের আব্দুল মালেকের ছেলে।
তথ্যটি নিশ্চিত করেছেন বগুড়া র্যাব ক্যাম্পের ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার (সহকারী পুলিশ সুপার) মো. নজরুল ইসলাম।
এর আগে, ইঁদুর নিধনের ওষুধ খেয়ে গত ১৮ নভেম্বর আত্মহত্যা করে ওই স্কুলছাত্রী। পরে গত ২৯ নভেম্বর এ ঘটনায় শেরপুর থানায় মামলা করেন মেয়েটির বাবা। মামলায় মানিককে অভিযুক্ত করা হয়।
র্যাব জানায়, মানিকের সঙ্গে ওই ছাত্রীর প্রেমের সম্পর্ক ছিল। এই সুবাদে তার সঙ্গে শারীরিক সম্পর্কে জড়িয়ে পড়ে মেয়েটি। কিন্তু তাদের ঘনিষ্ঠ হওয়ার মুহূর্ত গোপনে ভিডিও ধারণ করে রাখেন মানিক। পরবর্তীতে গত ১৮ নভেম্বর মেয়েটির বাড়িতে গিয়ে তার সঙ্গে আবারো ঘনিষ্ঠ হতে চান তিনি। ওই সময় মানিকের প্রস্তাবে মেয়েটি সাড়া দিচ্ছিলেন না। এতে মানিক ক্ষিপ্ত হয়ে তাকে বলেন গোপনে ধারণ করা ওই ভিডিও অনলাইন সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেওয়া হবে। একই সঙ্গে মেয়েটিকে বিয়ে করবেন না বলে জানিয়ে দেন তিনি। মানিকের এ ধরণের কথা শুনে মেয়েটি ওইদিনই ইঁদুর নিধনের ওষুধ খায়। পরে গুরুতর অসুস্থ অবস্থায় স্বজনরা তাকে উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে ভর্তি করান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মেয়েটির মৃত্যু হয়।
র্যাব কর্মকর্তা নজরুল ইসলাম বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে মানিককে গ্রেপ্তার করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে নিজের অপরাধ স্বীকার করেন মানিক। তাকে শেরপুর থানায় হস্তান্তর করা হবে বলেও জানান র্যাবের এই কর্মকর্তা।
