নারীসহ ৩১ জন পাড়ি দিলেন বাংলা চ্যানেল
সাঁতারে অংশগ্রহণকারী সদস্যরা - সমকাল
টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি
প্রকাশ: ২২ ডিসেম্বর ২০২২ | ০৯:২২ | আপডেট: ২২ ডিসেম্বর ২০২২ | ১০:১৬
সফলভাবে বঙ্গোপসাগরের বাংলা চ্যানেল পাড়ি দিয়েছেন নারীসহ ৩১ জন। তবে তাদের মধ্যে সাইফুল ইসলাম রাসেল ৩ ঘণ্টা ৫৫ মিনিটে ১৬ দশমিক ১ কিলোমিটার সমুদ্র সাঁতরে সেন্টমার্টিনে পৌঁছে প্রথম হয়েছেন।
বৃহস্পতিবার সকাল ৯টা ৫ মিনিটে টেকনাফ সাবরাং ইউনিয়নের শাহপরীর দ্বীপের পশ্চিমপাড়া সমুদ্রসৈকত থেকে ১৭তম বাংলা চ্যানেল পাড়ি দেওয়ার সাঁতার শুরু হয়। দুপুর ১টার পর থেকে সাঁতারুরা একে একে সেন্টমার্টিন পৌঁছান।
'ষড়জ অ্যাডভেঞ্চার' ও 'এক্সট্রিম বাংলা' এ সাঁতার আয়োজন করে। বাংলা চ্যানেল সাঁতারের প্রধান সমন্বয়ক ও ষড়জ অ্যাডভেঞ্চারের প্রধান নির্বাহী কর্মকর্তা লিপটন সরকার এ নিয়ে ১৭ বার বাংলা চ্যানেল পাড়ি দিলেন।
লিপটন সরকার বলেন, 'এবার এক নারীসহ ৩১ জন অংশ নেন। দুপুর ১টার পর থেকে সাঁতারুরা দ্বীপে পৌঁছাতে থাকেন। আন্তর্জাতিক রীতি মেনে সাঁতার পরিচালনা করা হয়েছে। ছিল পর্যাপ্ত নিরাপত্তা।'
আয়োজক ও দ্বীপের বাসিন্দারা জানান, দুপুর ১টা ৫ মিনিটে বাংলা চ্যানেল পাড়ি দিয়ে প্রথম দ্বীপে আসেন সাইফুল ইসলাম রাসেল। দ্বীপের বাসিন্দারা তাকে ফুল দিয়ে অভিনন্দন জানান। রাব্বি রহমান ৩ ঘণ্টা ৫৭ মিনিটে পাড়ি দিয়ে দ্বিতীয়, মো. মনিরুজ্জামান তৃতীয় ও মোহাম্মদ শামসুজ্জামান আরাফাত চতুর্থ হয়েছেন।
সাইফুল ইসলাম রাসেল বলেন, 'বাংলা চ্যানেল পাড়ি দেওয়ার স্বপ্ন ছিল, আল্লাহ সফলতা দিয়েছেন। আগামীতে আরও বড় অ্যাডভেঞ্চারে অংশ নিতে চাই।'
বাংলা চ্যানেল পাড়ি দেওয়া অন্যরা হলেন রেজিনা পারভিন, লিপটন সরকার, শেখ মাহবুব উর রহমান, আবুল কালাম আজাদ, মাসুদ রানা, আলী রওনাক ইসলাম, আবাদুল ইসলাম, জিহাদ হুসেন, সালাহ উদ্দিন, কামাল হোসেন, সোহেল রানা, শৌভিক বড়ূয়া, উজ্জ্বল চৌধুরী, সাকিব মাহমুদ নাইম খান, বদর উদ্দিন, ফারুক হোসেন, এস এম শারিয়ার মাহমুদ, আবু রাশেদ, গোলাম রব্বানী, আব্দুল্লাহ আল সাবিত, শোয়েব তালুকদার, এস কে রায়হান আরাফাত আকাশ, তারেক হাসান, আব্দুল্লাহ আল তৌসিফ, জামিল হোসেন, নাসির উদ্দিন ও রাশেদুল ইসলাম।
বঙ্গোপসাগরে দূরপাল্লার সাঁতারের উপযোগী বাংলা চ্যানেল আবিস্কার করেন প্রয়াত কাজী হামিদুল হক। এর পর ২০০৬ সালে প্রথম সাঁতার আয়োজন করা হয়।
- বিষয় :
- বঙ্গোপসাগর
- বাংলা চ্যানেল
