ইন্টার্ন চিকিৎসকদের হোস্টেল থেকে ইয়াবা ব্যবসায়ী আটক
বরিশাল ব্যুরো
প্রকাশ: ১৭ অক্টোবর ২০১৯ | ১০:২৭
বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজের ইন্টার্ন চিকিৎসকদের হোস্টেল থেকে ৫২০ পিস ইয়াবাসহ বহিরাগত এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। আটক যুবকের নাম রিফাত খান রন্টি।
বৃহস্পতিবার দুপুরে কলেজের এফএম নূর উর রফি হোস্টেল থেকে তাকে আটক করা হয়। এ সময় দুটি ধারালো অস্ত্র জব্দ করা হয়।
বরিশাল কোতোয়ালি মডেল থানার সহকারী পুলিশ কমিশনার মো. রাসেল জানান, হোস্টেল কর্তৃপক্ষের উপস্থিতিতে ৩০৩ নম্বর কক্ষ থেকে রন্টিকে গ্রেফতার করা হয়। সেখানে ইয়াবা সেবনের কিছু সরঞ্জামও পাওয়া গেছে। তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে।
রন্টি মেডিকেল কলেজ সংলগ্ন ১৪ নম্বর ওয়ার্ডের বাসিন্দা। তার স্ত্রী আসমা আক্তার রুবিনা সম্প্রতি নগরীর গোরস্তান রোডের একটি আবাসিক ভবন থেকে আড়াই হাজার পিস ইয়াবাসহ গ্রেফতার হয়ে কারাগারে রয়েছে।
বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডা. বাকির হোসেন জানান, নিয়মিত পরিদর্শনের অংশ হিসেবে হোস্টেলে যান তিনি। ৩০৩ নম্বর কক্ষে বহিরাগত একজনকে দেখে তার সন্দেহ হয়। পরে কোতোয়ালি থানায় খবর দেন।
মহানগর পুলিশের উপকমিশনার (দক্ষিণ) মোয়াজ্জেম হোসেন ভূঁঞা বলেন, মাদক গ্রহণ বা ব্যবসার সঙ্গে হোস্টেলের ইন্টার্ন চিকিৎসকরা জড়িত কি-না, তা তদন্ত করা হচ্ছে।
