ঝুঁকি নিয়ে রশি টেনে খেয়া পারাপার
নালিতাবাড়ীতে রশি টেনে চলা নৌকায় ভোগাই নদী পার হন শিক্ষার্থীসহ এলাকাবাসী - সমকাল
নালিতাবাড়ী (শেরপুর) সংবাদদাতা
প্রকাশ: ২৮ ডিসেম্বর ২০২২ | ১৮:০০ | আপডেট: ২৯ ডিসেম্বর ২০২২ | ০৪:৫৯
নদের দুই পাড়ে বাঁধা আছে একটি রশি। সেই রশির সাহায্য নিয়ে পারাপার হচ্ছে নৌকা। সেই নৌকা দিয়ে ঝুঁকি নিয়ে যাতায়াত করছেন শত শত মানুষ। শেরপুরের নালিতাবাড়ী উপজেলার আমবাগান এলাকার থানা নৌকাঘাট এলাকার নিত্যদিনের চিত্র এটি।
স্থানীয়দের দাবি, নদের এ অংশ থেকে প্রায় ১ কিলোমিটার দূরে একটি সেতু থাকলেও তাতে যাতায়াত করতে হয় অনেক পথ ঘুরে। তাতে অর্থের পাশাপাশি সময়ও বেশি ব্যয় হয়। বুকচিরে প্রবহমান পাহাড়ি নদ ভোগাইয়ের দু'পাড়ের শিক্ষাপ্রতিষ্ঠান, থানা, পোস্ট অফিস, সার্জেন্ট আহাদ প্রাঙ্গণ, কর্মজীবী মহিলা হোস্টেলসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান রয়েছে। এ কারণে প্রতিদিন শত শত মানুষ ঝুঁকি নিয়ে এ পথে যাতায়াত করেন। তাদের দাবি থানা ঘাট এলাকায় সেতু নির্মাণের।
জানা গেছে, উপজেলাবাসীর দুর্ভোগ লাঘবে পৌরশহরের ভোগাই নদের ওপর সেতু নির্মিত হয় আশির দশকে।
স্থানীয় মাহবুবুর রহমান, নজরুল ইসলাম, হানিফ মিয়া ও সারোয়ার হোসেনসহ কয়েকজন জানায়, নদীটি পার হওয়ায় জন্য দীর্ঘসময় দাঁড়িয়ে থাকতে হয়। অনেক সময় নৌকা পেলেও লোকজন বেশির কারণে নৌকায় উঠতে পারেন না।
তারাগঞ্জ পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী মুনতাহিনা জিন্নি, জাহিন নাফিজা, অন্তি রহমান, প্রেমা চিরান, প্রীতি চিরানসহ কয়েকজন শিক্ষার্থী জানায়, ভোগাই সেতু পার হয়ে স্কুলে আসতে অর্থ ও সময় দুটোই বেশি লাগে। তাই নৌকা পার হয়ে হয়ে স্কুলে যেতে হয়।
শহীদ আবদুর রশীদ ডিগ্রি মহিলা কলেজের শিক্ষার্থী হাবিয়া হাবিব তমা, সৃষ্টিশীং দিয়া, অদ্বিতি জানান, বন্যার সময় নদীতে তীব্র স্রোতের কারণে নৌকায় উঠতে ভয় লাগে। সেতু হলে নির্বিঘ্নে চলাচল করতে পারবেন।
তারাগঞ্জ পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ইমদাদুল হক কাজল বলেন, সময়ের সঙ্গে বেড়েছে শহরের কলেবর। এখন একটি সেতু দিয়ে যাতায়াত করা কঠিন হয়ে পড়েছে। ভোগাই সেতুর ভাটিতে আরও একটি সেতু হলে দুর্ভোগ কমবে।
শহীদ আবদুর রশীদ ডিগ্রি মহিলা কলেজের অধ্যক্ষ সিরাজ উদ দৌলা বলেন, অনেক পথ ঘুরে যেতে হয় বলে সময় ও অর্থ বাঁচাতে মানুষের যাতায়াতের একমাত্র ভরসা হিসেবে নৌকা ব্যবহার করছে। শিক্ষার্থীরা প্রতিদিন ঝুঁকি নিয়ে পারাপার হচ্ছে।
উপজেলা প্রকৌশলী রাকিবুল আলম রাকিব বলেন, এখানে সেতু নির্মাণের বিষয়ে সংশ্নিষ্ট কর্তৃপক্ষকে অবহিত করবেন তিনি।
