ঢাকা শুক্রবার, ০৫ জুন ২০২৬

বগুড়ার দুই আসনে উপনির্বাচন, প্রার্থিতা নিয়ে টেনশনে হিরো আলম

বগুড়ার দুই আসনে উপনির্বাচন, প্রার্থিতা নিয়ে টেনশনে হিরো আলম
×

আশরাফুল আলম ওরফে হিরো আলম। ফাইল ছবি

বগুড়া ব্যুরো

প্রকাশ: ২৯ ডিসেম্বর ২০২২ | ১৩:০৬ | আপডেট: ২৯ ডিসেম্বর ২০২২ | ১৩:০৬

সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোচিত আশরাফুল আলম ওরফে হিরো আলম টেনশনে আছেন। বিএনপির ছেড়ে দেওয়া শূন্য আসনের মধ্যে বগুড়া-৪ না বগুড়া-৬ আসনে প্রার্থী হবেন তা নিয়েই তার টেনশন বলে জানান তিনি। তবে তিনি জাতীয় পার্টির মনোনয়ন না পাওয়ায় এবার অপেক্ষা করছেন নৌকার টিকিটের জন্য। আওয়ামী লীগ তাকে মনোনয়ন না দিলে স্বতন্ত্র থেকে প্রার্থী হয়ে নির্বাচনের মাঠে থাকবেন। এ ক্ষেত্রে কোন আসন থেকে তিনি নির্বাচন করবেন তা নিয়ে এখনো মনস্থির করতে পারছেন না।

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বগুড়া-৪ (কাহালু-নন্দীগ্রাম) আসনে স্বতন্ত্র থেকে প্রার্থী হয়েছিলেন হিরো আলম। নির্বাচনের দিন দুপুর ১২টার দিকে একটি কেন্দ্রে তিনি হামলার শিকার হলে দুপুর একটার দিকে নির্বাচন বর্জনের ঘোষণা দেন। তখন তিনি বলেছিলেন এই নির্বাচন নিরপেক্ষ ও সুষ্ঠু হচ্ছে না তাই ভোট বর্জন করলাম। ওই নির্বাচনে তিনি সিংহ প্রতীক নিয়ে ভোট পেয়েছিলেন ৬০২টি।   

হিরো আলম জানান, তিনি বগুড়া-৬ সদর আসনের ভোটার। তাঁর বাড়ি বগুড়া-৬ সদর আসনে হলেও তিনি বগুড়া-৪ আসন থেকে সে সময় প্রার্থী হয়েছিলেন তার ভক্তদের অনুরোধে। এবার বগুড়া-৬ সদর আসনের ভক্তদের দাবি বগুড়া-৬ সদর আসন থেকে নির্বাচন করার। পাশাপাশি বগুড়া-৪ আসনের ভক্তদের দাবি আগে থেকেই আছে। এ নিয়ে বেশ বিপাকে আছেন তিনি।

তবে এ ক্ষেত্রে সবার দাবি রক্ষা করতেই হয়তো দু’টি আসন থেকেই নির্বাচন করতে হতে পারে বলেও তিনি জানান।

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বগুড়া-৪ আসন থেকে জাতীয় পার্টি মনোনয়ন চেয়ে পাননি। এবার উপনির্বাচনেও জাতীয় পার্টির শীর্ষ নেতারা মনোনয়ন দিতে না চাওয়ায় জাতীয় পার্টির মনোনয়ন ফরম তুলেননি হিরো আলম। জাতীয় পার্টি বগুড়া-৪ আসনে মনোনয়ন দেয় সৈয়দ শাহীন মোস্তফা ফারুককে ও বগুড়া-৬ আসনে সাবেক সংসদ সদস্য নুরুল ইসলাম ওমরকে।

জাতীয় পার্টি থেকে ব্যর্থ হয়ে এখন হিরো আলম ধরনা দিচ্ছেন আওয়ামী লীগের মনোনয়নের জন্য। এ বিষয়ে হিরো আলম বলেন, জাতীয় পার্টির নেতাদের সঙ্গে যোগাযোগ করেছিলাম সাড়া পাইনি। এবার যোগাযোগ করছি আওয়ামী লীগের সঙ্গে। আওয়ামী লীগের বেশ কয়েকজন নেতার সঙ্গে কথা চলছে। তারা গ্রিন সিগনাল দিলে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন ফরম তুলবো। না হলে রোববার অথবা সোমবার বগুড়ায় গিয়ে দু’টি আসন অথবা যে কোন একটি আসন থেকে নির্বাচন করতে মনোনয়ন তুলবো।

হিরো আলম আরও বলেন, আমি ঢাকায় বসে এলাকার অবস্থা পর্যবেক্ষণ করছি, সাংবাদিকদের সহায়তা চাচ্ছি। ভক্তদের সঙ্গে যোগাযোগ রক্ষা করছি। দেখা যাক শেষ পর্যন্ত কি হয়।

নির্বাচনের ক্ষেত্রে একটি আসনে নির্বাচন করলে কোন আসনটিকে বেশি গুরুত্ব দিবেন এমন প্রশ্নের উত্তরে তিনি বলেন, এটা নিয়েই তো টেনশনে আছি ভাই। দু’দিন অপেক্ষা করেন তারপর আমার সিদ্ধান্ত জানাবো।

আরও পড়ুন

×