কালিয়ায় নৌকাডুবি: তিন দিন পর ভেসে উঠল নিখোঁজ আরও ১ জনের মরদেহ
প্রতীকী ছবি
কালিয়া(নড়াইল)প্রতিনিধি
প্রকাশ: ০৩ জানুয়ারি ২০২৩ | ১১:৩৬ | আপডেট: ০৩ জানুয়ারি ২০২৩ | ১১:৩৬
নড়াইলের কালিয়ায় নৌকাডুবির ঘটনার তিন দিন পর নিখোঁজ মাহামুদ হোসেনের (৪৫) মরদেহ ভেসে উঠেছে। মঙ্গলবার সকালে নবগঙ্গা নদীতে মৃতদেহটি ভেসে ওঠে। পরে উপজেলার বড়দিয়া নৌ-ফাড়ি পুলিশ লাশটি উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করেছে। এই নিয়ে ওই দুর্ঘটনায় নিখোঁজ ৪ জনের লাশই উদ্ধার করা হলো। এই নিয়ে নৌকাডুবিতে মৃতের সংখ্যা দাঁড়ালো ৬ জনে।
উপজেলার বড়দিয়া নৌ-পুলিশ ফাঁড়ির এস আই মো. লোকমান হোসেন বলেছেন, নিখোঁজ মাহামুদের ভাসমান লাশটি উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
নড়াইল ফায়ার সার্ভিসের উপ সহকারী পরিচালক মো. মাহাবুব আলম বলেছেন, যেহেতু নদীগর্ভে নিখোঁজ সকলের লাশ উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে,তাই উদ্ধার অভিযানেরও সমাপ্তি ঘোষণা করা হয়েছে।
গত ৩০ ডিসেম্বর রাত ৮ টার দিকে স্বামীর বাড়ি বাবুপুর গ্রাম থেকে বাহিরডাঙ্গা গ্রামে বাবার বাড়িতে যাওয়ার পথে নবগঙ্গা নদীর বাহিরডাঙ্গা-চরবাহিরডাঙ্গা খেয়াঘাটে নৌকাডুবিতে মৃত্যু হয় নাজমা ও তার সন্তান নাসিমের। নৌকার মাঝিসহ ১৫ জন যাত্রীর মধ্যে ৯ জন প্রাণে বেঁচে গেলেও চার জন নদীতে নিখোঁজ হন। এরপর গত ১ জানুয়ারি দ্বিতীয় দফা অভিযান চালিয়ে খুলনা ফায়ার সার্ভিসের ডুবুরিদল ঘটনাস্থল থেকে বাবুপুর গ্রামের বাসিন্দা ও হামিদপুর ইউপির গ্রাম পুলিশ লাবু শেখ (৩০) ও জোকারচর গ্রামের খানজে শেখের (৪৫) লাশ উদ্ধার করে। তৃতীয় দফায় গত সোমবার (২ জানুয়ারি) বিকালে রয়েল শেখের (২৮) লাশ উদ্ধার করে ডুবুরিদল। মঙ্গলবার সকালে মাহামুদ হোসেনের মরদেহ নদীতে ভেসে ওঠে।
- বিষয় :
- নড়াইল
- কালিয়া
- নবগঙ্গা নদী
- মরদেহ উদ্ধার
- নৌকাডুবি
