জাতীয় পার্টিকে ছিনিয়ে নিয়ে আসব: বিদিশা এরশাদ
বিদিশা এরশাদ- ফাইল ছবি
সিলেট ব্যুরো
প্রকাশ: ০৬ জানুয়ারি ২০২৩ | ১৫:৫৮ | আপডেট: ০৬ জানুয়ারি ২০২৩ | ১৫:৫৮
জাতীয় পার্টির সাবেক চেয়ারম্যান প্রয়াত হুসেইন মুহম্মদ এরশাদের সাবেক স্ত্রী বিদিশা এরশাদ নেতাকর্মীর উদ্দেশে বলেছেন, ‘আমার শক্তি আপনারা, আপনাদের নিয়ে জাতীয় পার্টি পুনর্গঠন প্রক্রিয়া হাতে নিয়েছি। জাতীয় পার্টিকে ছিনিয়ে নিয়ে আসব। যে দিন এরশাদের চেয়ারে এরিক এরশাদ বসবে, সেই দিনটির অপেক্ষায় আছি। এরিক পল্টনের অফিস, বনানী অফিসসহ দেশের সব বিভাগীয় অফিসের চেয়ারে বসবে।’
আগামী জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে শুক্রবার সিলেট জেলা পরিষদ মিলনায়তনে পার্টির পুনর্গঠন প্রক্রিয়ার বিভাগীয় কর্মী সমাবেশ ও সম্মেলন প্রস্তুতি সভায় ভারপ্রাপ্ত চেয়ারম্যান বিদিশা এরশাদ এসব কথা বলেন।
এরশাদের জীবন যারা কঠিন করেছিল, তাদের জীবন আরও কঠিন করে দেবেন বলেও হুঁশিয়ারি দেন বিদিশা।
কর্মী সমাবেশে আরও বক্তব্য দেন হুসেইন মুহম্মদ এরশাদের ছেলে এরিক এরশাদ, কো-চেয়ারম্যান দেওয়ান কুমার বড়ূয়া, রাজনৈতিক উপদেষ্টা অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল (অব.) তানবির ইকবাল, যুগ্ম মহাসচিব অবসরপ্রাপ্ত মেজর সিকদার আনিসুর রহমান, পীরজাদা সৈয়দ জুবায়ের আহমদ, অবসরপ্রাপ্ত মেজর শিবলী মো. সাদিক, জাফর ইকবাল নিরব, দপ্তর সম্পাদক নাফিস মাহবুব প্রমুখ।
সমাবেশ শেষে বিদিশা দরিদ্রদের মধ্যে শীতবস্ত্র বিতরণ করেন। এর আগে তিনি হযরত শাহজালাল (রহ.) ও হযরত শাহপরান (রহ.)-এর মাজার জিয়ারতের মাধ্যমে ২০২৪ সালের নির্বাচনী কার্যক্রম শুরু করেন।
- বিষয় :
- জাতীয় পার্টি
- বিদিশা
- বিদিশা এরশাদ
