ঢাকা শুক্রবার, ০৫ জুন ২০২৬

ধামরাইয়ে বাসায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ ৫

ধামরাইয়ে বাসায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ ৫
×

ফাইল ছবি

ধামরাই (ঢাকা) প্রতিনিধি

প্রকাশ: ০৭ জানুয়ারি ২০২৩ | ০৬:৩৫ | আপডেট: ০৭ জানুয়ারি ২০২৩ | ০৬:৩৫

ঢাকার ধামরাইয়ে একটি বাসায় গ্যাস সিলিন্ডার লিকেজ থেকে বিস্ফোরণে শিশুসহ একই পরিবারের পাঁচজন দগ্ধ হয়েছেন। তাদের উদ্ধার করে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে। 

শনিবার ভোর ৫টার দিকে ধামরাই উপজেলার কুমড়াইল কবরস্থান সংলগ্ন দোতলা বাড়ির নিচতলায় এই দুর্ঘটনা ঘটে।

দগ্ধরা হলেন- গার্মেন্টসকর্মী মনজুরুল (৩২), তার স্ত্রী জোসনা (২৫), তাদের দেড় বছরের মেয়ে মরিয়ম, স্ত্রীর বড় বোন হোসনা (৩০) এবং ভাগনি সাদিয়া (২০)।

তাদেরকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া প্রতিবেশী মো. নিজাম শেখ জানান, ভোরে তারা যখন ঘুমিয়ে ছিলেন তখন বিকট একটি শব্দ শুনতে পান। এরপর ভবনের নিচতলা থেকে ধোঁয়া উঠতে দেখেন। সঙ্গে সঙ্গে নিচতলায় গিয়ে দেখেন, বাসাটির ভেতর পাঁচজন দগ্ধ অবস্থায় কাতরাচ্ছেন। আর আগুনে বিছানার কিছুটা পুড়ে গেছে। পরে তাদের উদ্ধার করে বার্ন ইনস্টিটিউটে নিয়ে যান।

জোসনা আক্তারের মা সখিনা বেগম জানান, ভোরে রান্নার জন্য উঠে গ্যাস সিলিন্ডার জ্বালানোর পরই লিকেজ থেকে জমে থাকা গ্যাসের কারণে বিস্ফোরণ হয়ে তারা দগ্ধ হয়েছেন। 

বার্ন ইনস্টিটিউটের জরুরি বিভাগের আবাসিক সার্জন ডা. এসএম আউয়ুব হোসেন জানান, তারা গুরুতরভাবে দগ্ধ হয়েছেন। তাদেরকে ভর্তি রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে। 

দগ্ধ মনজুরুলের বাড়ি নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলায়। তারা ধামরাই পৌরসভার কুমড়াইল মহল্লার কুব্বত হোসেনের বাড়িতে ভাড়া থেকে পাশের নয়ারহাট এলাকার একটি পোশাক কারখানায় চাকরি করেন।

ধামরাই পৌরসভার ৬ নং ওয়ার্ডের কাউন্সিলর সাহেব আলী অগ্নিদগ্ধের বিষয়টি নিশ্চিত করে বলেন, ঘটনাটি আমি সকালে শুনেছি। 

আরও পড়ুন

×