ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

টানা শৈত্যপ্রবাহ, বোরো চাষ নিয়ে বিপাকে কৃষক

টানা শৈত্যপ্রবাহ, বোরো চাষ নিয়ে বিপাকে কৃষক
×

বোরোচাষের জন্য প্রস্তুত জমি

 কালিয়া(নড়াইল)প্রতিনিধি

প্রকাশ: ০৭ জানুয়ারি ২০২৩ | ০৮:১৩ | আপডেট: ০৭ জানুয়ারি ২০২৩ | ০৮:১৪

নড়াইলের কালিয়ায় টানা চার দিনের শৈত্যপ্রবাহে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। পাশাপাশি চলতি মৌসুমের বোরো আবাদ নিয়ে বিপাকে পড়েছেন কৃষক। তীব্র শীতে কৃষকরা মাঠে কাজ করতে না পারায় জমি প্রস্তুতসহ ধানের চারা রোপনেও বিঘ্ন সৃষ্টি হচ্ছে। এছাড়া বীজতলা রক্ষায়ও কৃষকদের হিমশিম খেতে হচ্ছে। আবহাওয়া পরিবর্তন না হলে বোরো চাষ নিয়ে বিপদের আশঙ্কা জানিয়েছেন কৃষকরা।

উপজেলার কৃষি অফিস জানায়, উপজেলায় মোট আবাদ যোগ্য জমির পরিমাণ রয়েছে ২৬ হাজার ৪৩৫ হেক্টর। এর মধ্যে চলতি বছর ১৬ হাজার ৫২০ হেক্টর জমিতে বোরো আবাদের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। এবার বোরো চাষে অংশ নিয়েছেন ৬ হাজার ৬০০ কৃষক। তার মধ্যে ৩ হাজার কৃষক হাইব্রিড ধান ও ৩ হাজার ৬০০ জন কৃষক উপষী জাতের ধান চাষ করছেন।

স্থানীয় কৃষকদের সাথে কথা বলে ও খোঁজ নিয়ে জানা গেছে ,গত চারদিনের ঘন কুয়াশা ও তীব্র শৈত্যপ্রবাহের কারণে কৃষকরা মাঠে কাজ করতে পারছেন না। রোপনের জন্য তৈরি থাকা জমিতে চারাও রোপন করা যাচ্ছে না। তীব্র শীতে কাজে নামতে না পারায় কৃষি শ্রমিক সংকট দেখা দিয়েছে। সব মিলিয়ে কৃষকরা পড়েছেন বিপাকে।

উপজেলার মুলখানা গ্রামের কৃষক বিলায়েত সরদার, কলাবাড়িয়া গ্রামের কামাল হোসেন তালুকদার ও বাঐসোনা গ্রামের রাশেদ কামাল জানান, গত চারদিনের শৈতপ্রবাহের কারনে তারা মাঠে নামতে পারছেন না। ধানের চারা রোপনের জন্য জমি প্রস্তুত থাকলেও অসুস্থ হয়ে পড়ার ভয়ে কৃষি শ্রমিকরা বোরো জমিতে নামতে চাইছেন না। এ কারণে কৃষি শ্রমিকের সংকট দেখা দিয়েছে। আবহাওয়ার পরিবর্তন না হলে এবারের বোরো চাষ নিয়ে বিপদে পড়ার আশঙ্কা রয়েছে বলেও তারা জানিয়েছেন।  

উপজেলা কৃষি বিভাগ জানায়,  বীজতলা রক্ষায় কৃষকদের সার্বক্ষণিক পরামর্শ দেওয়া হচ্ছে। একই সাথে শৈতপ্রবাহের মধ্যে বীজতলার রক্ষণাবেক্ষণের জন্য লিফলেট বিতরণ করা হয়েছে।

উপজেলা কৃষি কর্মকর্তা ও কৃষিবিদ সুবির কুমার বিশ্বাস বলেছেন, প্রচণ্ড শৈত্যপ্রবাহের কারণে জীবনযাত্রা কিছুটা হলেও ব্যাহত হচ্ছে। জমি চাষকাজে কৃষকরা সমস্যায় পড়লেও এখন পর্যন্ত বীজতলার ক্ষতি হয়নি। তবে দ্রুত আবহাওয়ার পরিবর্তন না হলে বোরো চাষ কিছুটা বিঘ্নিত হতে পারে বলে তিনি মনে করেন।


আরও পড়ুন

×