ঠাকুরগাঁও-৩ উপনির্বাচন: স্বতন্ত্র প্রার্থী গোপালের মনোনয়নপত্র বাতিল
অধ্যক্ষ গোপাল চন্দ্র রায়
পীরগঞ্জ (ঠাকুরগাঁও) প্রতিনিধি
প্রকাশ: ০৮ জানুয়ারি ২০২৩ | ১০:১৩ | আপডেট: ০৮ জানুয়ারি ২০২৩ | ১০:১৩
ঠাকুরগাঁও-৩ (পীরগঞ্জ-রানীশংকৈল) আসনের উপ-নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী অধ্যক্ষ গোপাল চন্দ্র রায়ের মনোনয়নপত্র বাতিল করেছেন রিটার্নিং অফিসার। রোববার মনোনয়নপত্র বাছাইয়ের দিনে তার মনোনয়নপত্র বাতিল হয়।
রংপুর আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা ও ঠাকুরগাঁও-৩ (পীরগঞ্জ-রানীশংকৈল) আসনের রিটার্নিং কর্মকর্তা জিএম সাহাতাব উদ্দীন জানান, স্বতন্ত্র প্রার্থী অধ্যক্ষ গোপাল চন্দ্র রায় বাংলাদেশ ব্যাংকের তালিকায় একজন ঋণ খেলাপি। এ কারণে নির্বাচনী আইন অনুযায়ী তার মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। তবে তিনি মনোনয়ন বাতিল আদেশের বিরুদ্ধে তিন দিনের মধ্যে নির্বাচন কমিশনে আপিল করতে পারবেন।
রিটার্নিং কর্মকর্তা আরও জানান, গত ৫ জানুয়ারি মনোনয়নপত্র দাখিলের শেষ দিনে পীরগঞ্জ উপজেলা নির্বাচন কর্মকর্তা ও সহকারী রিটার্নিং অফিসারের দপ্তরে ১৪ দলীয় জোটের প্রার্থী ওয়ার্কার্স পার্টির অধ্যাপক ইয়াসিন আলী ও বাংলাদেশ ন্যাশনাল ফ্রন্টের (বিএনএফ) সিরাজুল ইসলাম এবং জেলা নির্বাচন কর্মকর্তার দপ্তরে জাতীয় পার্টির হাফিজ উদ্দীন আহম্মেদ, জাকের পার্টির এমদাদ হোসেন, ন্যাশনাল পিপলস্ পার্টির (এনপিপি) সাফি আল আসাদ ও স্বতন্ত্র প্রার্থী অধ্যক্ষ গোপাল চন্দ্র রায় মনোনয়নপত্র জমা দেন।
রিটার্নিং কর্মকর্তা জানান, আগামী ১৫ জানুয়ারি মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন। ইলেকট্রিক ভোটিং মেশিনে (ইভিএম) ভোটগ্রহণ হবে ১ ফেব্রুয়ারি। এ আসনে মোট ভোটার ৩ লাখ ২৪ হাজার ৭৩৯ জন। এদের মধ্যে পুরুষ ১ লাখ ৬৫ হাজার ২৩৫ জন এবং নারী ১ লাখ ৫৯ হাজার ৫০৪ জন। মোট ভোটকেন্দ্র ১২৮টি, বুথ ৮০৮টি।
