ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

ট্রেনের নিচে মা-সন্তানের মৃত্যুতে বাবা গ্রেপ্তার

ট্রেনের নিচে মা-সন্তানের মৃত্যুতে বাবা গ্রেপ্তার
×

ট্রেনে কাটা পড়ে মৃত্যু

লালমনিরহাট প্রতিনিধি

প্রকাশ: ১৪ জানুয়ারি ২০২৩ | ১৫:২৫ | আপডেট: ১৪ জানুয়ারি ২০২৩ | ১৫:৩৮

লালমনিরহাটের পাটগ্রামে ট্রেনে কাটা পড়ে মা ও দুই সন্তানের মৃত্যুর ঘটনায় একজনকে গ্রেপ্তার করা হয়েছে।  শুক্রবার রাতে শিশুদের বাবা রাশেদুজ্জামানকে গ্রেপ্তার করেছে পুলিশ। একই দিন বিকালে নিহত গৃহবধূর বাবা আজিজুল ইসলাম লালমনিরহাট রেলওয়ে থানায় তার নামে মামলা করেন। এতে মেয়ে জামাতার বিরুদ্ধে আত্মহত্যায় প্ররোচনার অভিযোগ এনেছেন তিনি। মামলার অন্য আসামি রাশেদা বেগম পলাতক আছে।

নিহতরা হলেন- উপজেলার পাটগ্রাম ইউনিয়নের ধবলসুতি রহমানপুর গ্রামের রাশেদুজ্জামানের স্ত্রী সুমি আক্তার এবং তাঁর ছয় বছরের মেয়ে তাসমিরা তাবাসুম তাসিন ও দুই বছরের ছেলে মো. তৌহিদ।

স্থানীয়রা জানান, শুক্রবার সকালে পার্বতীপুর থেকে ছেড়ে আসা বুড়িমারী কমিউটার ট্রেনটি বুড়িমারী স্টেশনে প্রবেশের আগে দর্জিটারী এলাকায় ট্রেনে কাটা পড়েন ওই তিনজন। ঘটনাস্থলে দু'জন এবং চিকিৎসাধীন অবস্থায় অন্যজনের মৃত্যু হয়। সুমি আত্মহত্যার উদ্দেশে দুই শিশুসন্তান নিয়ে ট্রেনের নিচে ঝাঁপ দেন বলে ধারণা করা হচ্ছে।

আজিজুল ইসলাম বলেন, ছোটখাটো বিষয় নিয়ে আমার মেয়ের সঙ্গে তার স্বামী এবং শাশুড়ি প্রায়ই ঝগড়া ও মারধর করত। শুক্রবার সকালেও সুমির সঙ্গে তাদের ঝগড়া হয়। এক পর্যায়ে সুমিকে তারা মরতে বলে এবং বাড়ি থেকে বের করে দেয়। রাগে, অভিমানে সুমি দুই সন্তান নিয়ে ট্রেনের নিচে ঝাঁপ দেয়।

লালমনিরহাট রেলওয়ে থানার ওসি ফেরদৌস আলী বলেন, ময়নাতদন্ত শেষে শনিবার পরিবারের কাছে লাশ হস্তান্তর করা হয়েছে। প্রধান আসামি রাশেদুজ্জামানকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। অন্য আসামিকে ধরার চেষ্টা চলছে।

আরও পড়ুন

×