চাঁদপুরে লঞ্চের ধাক্কায় নৌকাডুবি, জেলে নিহত
প্রতীকী ছবি
চাঁদপুর প্রতিনিধি
প্রকাশ: ১৬ জানুয়ারি ২০২৩ | ১২:৫০ | আপডেট: ১৬ জানুয়ারি ২০২৩ | ১২:৫৩
চাঁদপুরে যাত্রীবাহী লঞ্চের ধাক্কায় মাছ ধরার একটি নৌকাডুবিতে এক জেলে নিহত হয়েছেন। এতে নিখোঁজ রয়েছেন আরও দুই জেলে।
রোববার রাত ৯টার দিকে সদর উপজেলার হরিণা এলাকার মেঘনা নদীতে এ দুর্ঘটনা ঘটে। নিখোঁজ জেলেদের উদ্ধারে অভিযান চলছে।
নিহত জেলে হলেন, সদর উপজেলার ইব্রাহিমপুর এলাকার মো. জয়নালের ছেলে আ. জলিল। নিখোঁজ দুইজন হলেন- একই এলাকার আ. মতিন ভূঁইয়ার ছেলে রিয়াদ হোসেন ও নূরুজ্জামান শেখের ছেলে মুক্তার শেখ।
চাঁদপুর হরিণা নৌ ফাঁড়ির ইনচার্জ মো. মিজানুর রহমান সমকালকে জানান, রোববার রাতে নদীতে ঘনকুয়াশা ছিল। এর কারণে দেখতে না পেয়ে জেলে নৌকার ওপরে ওঠে যায় একটি লঞ্চ। এই ঘটনায় স্থানীয়দের সহায়তায় এক জেলের মরদেহ ও একজনকে জীবিত উদ্ধার করা হয়েছে। এতে নিখোঁজ হয়েছেন দুই জেলে। তাদের উদ্ধারে অভিযান চলছে।
তিনি বলেন, এ ঘটনায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে। মরদেহ ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। কোন লঞ্চ এ ঘটনা ঘটিয়েছে- তা এখনও নিশ্চিত হওয়া যায়নি বলে জানান নৌ ফাঁড়ির ইনচার্জ।
- বিষয় :
- যাত্রীবাহী লঞ্চ
- নৌকাডুবি
- উদ্ধার অভিযান
