মহম্মদপুরে সড়ক দুর্ঘটনায় স্কুল শিক্ষকের মৃত্যু
মহম্মদপুর (মাগুরা) প্রতিনিধি
প্রকাশ: ১৭ জানুয়ারি ২০২৩ | ০৮:৪২ | আপডেট: ১৭ জানুয়ারি ২০২৩ | ০৮:৪৩
মাগুরার মহম্মদপুরে ট্রলির সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষে বাবুল আক্তার (৫৫) নামের এক স্কুল শিক্ষকের মৃত্যু হয়েছে। তিনি উপজেলার পলাশবাড়িয়া মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক।
আজ মঙ্গলবার সকাল ১০টার দিকে এই দুর্ঘটনা ঘটে।
নিহতের মামা প্রভাষক জিহাদুল ইসলাম জানান, বাবুল আক্তার মৌফুলকান্দি গ্রামের নিজ বাড়ি থেকে স্ত্রী ও ছেলেকে নিয়ে মোটরসাইকেলযোগে মহম্মদপুরে যাচ্ছিলেন।
লক্ষ্মীপুর এলাকায় পৌঁছালে অপর দিক থেকে ছুটে আসা দ্রুতগামী কাঠ বোঝাই ট্রলির ধাক্কায় তারা গুরুতর আহত হন। স্থানীয়রা উদ্ধার করে মহম্মদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে তিনজনেরই অবস্থা আশঙ্কাজনক হওয়ায় কর্তব্যরত চিকিৎসক ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করেন। দুপুর একটায় সেখানে চিকিৎসাধীন অবস্থায় বাবুল আক্তারের মৃত্যু হয়।
তার স্ত্রী ভবানিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা জেসমিন আক্তার ও সন্তান পলাবাড়িয়া মাধ্যমিক বিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্র ফারহানকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের অবস্থাও আশঙ্কাজনক বলে জানা গেছে।
দুর্ঘটনাকবলিত ট্রলিটি নিয়ে চালক পালিয়ে গেছেন।
