অবৈধভাবে মজুত সাড়ে ৪ হাজার টন ধান-চাল জব্দ
অবৈধভাবে মজুত করা ধান-চাল। ছবি-সমকাল
বগুড়া ব্যুরো
প্রকাশ: ১৮ জানুয়ারি ২০২৩ | ১৩:৩১ | আপডেট: ১৮ জানুয়ারি ২০২৩ | ১৩:৩১
অবৈধভাবে ধান-চাল মজুত করায় বগুড়ার শেরপুরে শিনু এগ্রো ইন্ডাস্ট্রিতে অভিযান চালিয়ে সাড়ে ৪ হাজার টন ধান-চাল জব্দ করা হয়েছে। বুধবার উপজেলার গাড়ীদহ এলাকায় দুপুর ১২টা থেকে বিকেল ৪টা পর্যন্ত এ অভিযান চালায় খাদ্য অধিদপ্তর। জেলা খাদ্য নিয়ন্ত্রক কাজী সাইফুদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন।
শেরপুরের শফিকুল ইসলাম (শিরু) নামে এক ব্যবসায়ী শিনু এগ্রো ইন্ডাস্ট্রিজের অটোরাইস মিল ও গুদাম ভাড়া নিয়ে ধান-চালের ব্যবসা করে আসছিলেন। সেখানে এসিআই কোম্পানির ধান-চাল অবৈধভাবে মজুত করা হয়েছে- এমন সংবাদের ভিত্তিতে দুপুর ১২টা থেকে ইন্ডাস্ট্রির মিল ও গুদামে অভিযান চালানো হয়। এ সময় অনুমোদনহীন ওই প্রতিষ্ঠানে ২ হাজার ৬০০ টন ধান এবং ১ হাজার ৯০০ টন চাল পাওয়া যায়।
জেলা খাদ্য নিয়ন্ত্রক জানান, গুদাম ও মিলে থাকা ধান-চাল মজুতের কোনো অনুমতি নেই এসিআই কোম্পানির। অবৈধভাবে ধান-চাল মজুতের অভিযোগে কয়েক মাস আগেই একই প্রতিষ্ঠানকে ৬ লাখ টাকা জরিমানা করা হয়েছিল। এরপরও তারা স্থানীয় ব্যবসায়ীদের সঙ্গে যোগসাজশ করে অবৈধভাবে ধান-চাল মজুত করে আসছিল। অভিযানকালে তারা বৈধ কোনো কাগজপত্র বা অনুমতিপত্র দেখাতে পারেনি।
এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে বলেও তিনি জানান।
এসিআই কোম্পানির বগুড়া জোনের সিনিয়র কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন বলেন, আমাদের ধান-চাল মজুতের সরকারি অনুমতি আছে। এসব কাগজপত্র আমরা তাদের দেখাব।
এর আগে অবৈধভাবে ধান-চাল মজুতের অভিযোগে গত ২৩ ডিসেম্বর সদর উপজেলার মানিকচক এলাকায় মেঘনা গ্রুপের মজুত করা ২ হাজার ৫০০ টন ধান জব্দ করা হয়। এ ঘটনায় বিশেষ ক্ষমতা আইনে বগুড়া সদর থানায় মেঘনা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক ও ডেপুটি জেনারেল ম্যানেজারের বিরুদ্ধে মামলা করে খাদ্য বিভাগ।
- বিষয় :
- ধান-চাল জব্দ
- মামলা
- খাদ্য অধিদপ্তর
