ইজতেমার আখেরি মোনাজাতে অংশ নিতে টঙ্গীমুখী মুসল্লিরা
টঙ্গী (গাজীপুর) প্রতিনিধি
প্রকাশ: ২২ জানুয়ারি ২০২৩ | ০৩:৩২ | আপডেট: ২২ জানুয়ারি ২০২৩ | ০৩:৩৬
আখেরি মোনাজাতের মধ্য দিয়ে আজ রোববার শেষ হচ্ছে বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্ব। আখেরি মোনাজাতে অংশ নিতে সকাল থেকে মুসল্লিরা টঙ্গীতে ইজতেমা ময়দান ঘিরে সমবেত হতে শুরু করেছেন।
ইজতেমার মিডিয়া সমন্বয়কারী মোহাম্মদ সায়েম সমকালকে জানান, আজ বেলা সাড়ে ১১টা থেকে ১২টার মধ্যে যেকোনো সময় আখেরি মোনাজাত অনুষ্ঠিত হবে বলে জানা গেছে। মোনাজাতে বাংলাদেশসহ বিশ্বের মানুষের সুখ, শান্তি ও কল্যাণ কামনা করে দোয়া করা হবে। বিদেশি নিবাসের পূর্বপাশে বিশেষ মোনাজাত মঞ্চ থেকে এ আখেরি মোনাজাত পরিচালনা করা হবে।
তিনি জানান, আজ ফজর নামাজের পর থেকে ইজতেমা ময়দানে বয়ান করেছেন ভাই মুরসালিন (নিজমুদ্দিন)। তরজমা করেন মাওলানা মোশারফ। বয়ান শেষে এক ঘণ্টা বিরতি দিয়ে সকাল ১০টার দিকে হেদায়েতি বয়ান শুরু হবে। বয়ান করবেন মাওলানা সাদ কান্ধলভীর বড় ছেলে মাওলানা ইউসুফ বিন সাদ। হেদায়েতি বয়ান শেষে আখেরি মোনাজাত হবে। আরবি ও উর্দু ভাষায় আখেরি মোনাজাত পরিচালনা করবেন মাওলানা ইউসুফ বিন সাদ।
এদিকে আখেরি মোনাজাতে শরিক হতে আজ রোববার সকাল থেকে মুসল্লিরা বাস, ট্রাক, মিনিবাস, মাইক্রোবাস, ট্রেন ও ট্রলারে করে টঙ্গীতে আসতে শুরু করেন। সকাল থেকে টঙ্গী-গাজীপুরসহ আশপাশের এলাকা থেকে মোনাজাতে শরিক হতে হাজার হাজার নারী-পুরুষকে হেঁটে ইজতেমার ময়দানের দিকে আসতে দেখা গেছে। আখেরি মোনাজাতের আগ পর্যন্ত মানুষের এ ঢল অব্যাহত থাকবে।
গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (ট্রাফিক) উপকমিশনার মো. আলমগীর হোসেন জানান, আখেরি মোনাজাত ঘিরে আমাদের সিদ্ধান্ত প্রথম পর্বের মতোই। তবে এবার পণ্যবাহী গাড়ি ছাড়া যতক্ষণ সম্ভব অন্যান্য যানবাহন চলাচল সচল থাকবে। এতে মানুষের ভোগান্তি কম হবে। মোনাজাতে মুসল্লির সংখ্যা আরও বাড়বে। সে ক্ষেত্রে জায়গা না পেয়ে মুসল্লিরা যদি সড়কে বসে যান, তবে তৎক্ষণাৎ সব যান চলাচল বন্ধ করে দেওয়া হবে। মোনাজাত শেষে মানুষের ভিড় কমতেই আবার যান চলাচল সচল হবে।
- বিষয় :
- বিশ্ব ইজতেমা
- আখেরি মোনাজাত
- ইজতেমা ময়দান
