বগুড়া-৪ উপনির্বাচন
নন্দীগ্রাম-কাহালুর উন্নয়নে জিততে চান স্বতন্ত্র প্রার্থী জুয়েল
বগুড়া ব্যুরো
প্রকাশ: ২৬ জানুয়ারি ২০২৩ | ১৬:৫৬ | আপডেট: ২৬ জানুয়ারি ২০২৩ | ১৬:৫৬
বগুড়া-৪ (কাহালু-নন্দীগ্রাম) আসনে স্বতন্ত্র প্রার্থী সাবেক বিএনপি নেতা কামরুল হাসান সিদ্দিকী জুয়েল তাঁকে নির্বাচিত করার জন্য কুড়াল মার্কায় ভোট দিতে ভোটারদের প্রতি আহ্বান জানিয়েছেন। বৃহস্পতিবার তিনি নন্দীগ্রাম উপজেলার জমাদার এলাকায় গণসংযোগ করেন।
জুয়েল বলেন, কাহালু-নন্দীগ্রাম অবহেলিত এলাকা। এ আসনে যাঁরাই আগে এমপি হয়েছেন, তাঁরা জনগণকে মিথ্যা আশ্বাস দিয়ে ভোট নিয়ে আর এলাকার উন্নয়ন করেননি। আমি এমপি হলে আপনাদের জন্য যা প্রয়োজন, সেই অনুযায়ী উন্নয়ন করব। এ আসনে চিকিৎসার ব্যবস্থা অত্যন্ত দুর্বল, রাস্তার উন্নয়ন নেই। গরিব ছাত্রছাত্রীদের লেখাপড়ার জন্য সরকারি সহায়তা খুবই কম। আমি এমপি হলে এসব বিষয়ে নজর দেব।নন্দীগ্রাম পৌর বিএনপির সাবেক সভাপতি জুয়েল বলেন, আমি পৌরসভার মেয়র হয়ে যে উন্নয়ন করেছিলাম, তা মানুষের মনে রাখার মতো। বৃহৎ আকারে উন্নয়নের জন্য জাতীয় সংসদে কথা বলার সুযোগ দেওয়া প্রয়োজন। আমাকে সেই সুয়োগ দিলে আমি আপনাদের ঋণ শোধ করব উন্নয়নের মধ্য দিয়ে।
