ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

দা দিয়ে স্বামীকে কোপালেন নারী, স্ত্রীকে ছুরিকাঘাত করলেন স্বামী

দা দিয়ে স্বামীকে কোপালেন নারী, স্ত্রীকে ছুরিকাঘাত করলেন স্বামী
×

গাজীপুর প্রতিনিধি

প্রকাশ: ২৮ জানুয়ারি ২০২৩ | ১৭:০৬ | আপডেট: ২৮ জানুয়ারি ২০২৩ | ১৭:০৬

পারিবারিক কলহের জেরে গাজীপুরে পরস্পরের ধারালো অস্ত্রের আঘাতে আহত হয়েছেন স্বামী-স্ত্রী। শনিবার সকালে মহানগরের বড়বাড়ী এলাকায় ঘটে এ ঘটনা। আহত আনোয়ারুল খাঁ (৫০) ও তাঁর স্ত্রী মোসাম্মৎ হালিমাকে (৪৮) ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে (ঢামেক) ভর্তি করা হয়েছে।

আনোয়ারুল খাঁর বাড়ি ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলার দাওসী গ্রামে। তিনি পরিবার নিয়ে গাজীপুরের বড়বাড়ী এলাকার মির্জা শাহজাহানের বাড়িতে ভাড়া থাকতেন। পুলিশ জানায়, হঠাৎ অসুস্থ হয়ে পড়ায় বাড়িতেই থাকতেন আনোয়ার। কোনো কাজকর্ম করতে পারতেন না। হালিমা কাজ করেন স্থানীয় একটি তৈরি পোশাক কারখানায়।

প্রতিবেশীরা জানিয়েছেন, শনিবার সকালে পারিবারিক বিষয় নিয়ে দু'জনের মধ্যে ঝগড়া শুরু হয়। এক পর্যায়ে হালিমা দা দিয়ে স্বামীকে কোপাতে শুরু করেন। স্বামী আনোয়ারও এ সময় ছুরি নিয়ে স্ত্রীকে পাল্টা আঘাত করেন।

এ সময় স্থানীয় লোকজন এগিয়ে এসে তাঁদের উদ্ধার করে টঙ্গীর শহীদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালে নিয়ে যান। ওই হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ইসরাত জাহান অ্যানি বলেন, আনোয়ারুলের গলা ও ঘাড়ে ধারালো অস্ত্রের গুরুতর আঘাতের চিহ্ন রয়েছে। হালিমার নাক, ঠোঁট, পিঠসহ শরীরের বিভিন্ন অংশে একই ধরনের আঘাত দেখেছেন। প্রাথমিক চিকৎসার পর উন্নত চিকিৎসার জন্য দু'জনকে ঢামেকে পাঠানো হয়। তবে স্বামী আনোয়ারুলের অবস্থা বেশি গুরুতর বলেও জানিয়েছেন তিনি।

গাছা থানার ওসি ইব্রাহিম হোসেন বলেন, সংবাদ পেয়ে সঙ্গে সঙ্গেই ঘটনাস্থলে যান পুলিশ সদস্যরা। চিকিৎসকদের কাছ থেকে জানা গেছে, দু'জনের অবস্থাই খারাপ।

আরও পড়ুন

×