ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

শ্রীপুরে রামদা নিয়ে জমি দখলচেষ্টা

শ্রীপুরে রামদা নিয়ে জমি দখলচেষ্টা
×

ছবি: ভিডিও থেকে নেওয়া

গাজীপুর প্রতিনিধি

প্রকাশ: ১৩ ফেব্রুয়ারি ২০২৩ | ১৭:৩২ | আপডেট: ১৩ ফেব্রুয়ারি ২০২৩ | ১৭:৩২

গাজীপুরে রামদা নিয়ে প্রকাশ্যে মহড়া দিয়ে জমি দখলচেষ্টার একটি ভিডিও ফেসবুকে ছড়িয়ে পড়েছে। এ সময় প্রতিপক্ষের হামলায় জমির মালিক আবুল কাশেমের পরিবারের অন্তত ছয় সদস্য আহত হয়েছেন। সোমবার সন্ধ্যার দিকে শ্রীপুর পৌরসভার ভাংনাহাটী এলাকায় এ ঘটনা ঘটে। একদল সহযোগী নিয়ে ওই এলাকার শরীফ শেখ একই এলাকার আবুল কাশেমের জমি দখলে নিতে আসে।

সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, শরীফসহ অন্যরা হাতে রামদা ও লাঠিসোঁটা নিয়ে প্রতিপক্ষকে গালাগাল করছেন।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছালে দেশি অস্ত্রধারীরা পালিয়ে যান। এ ঘটনায় আবুল কাশেম সন্ধ্যায় শ্রীপুর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। অভিযুক্ত শরীফ শেখের বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।

আবুল কাশেম অভিযোগ করে বলেন, ‘জমি জবরদখলে বাধা দিলে আমার বৃদ্ধা মাকে পেটায় শরীফের লোকজন। একই সময়ে আমার পরিবারের আরও পাঁচজনকে পিটিয়ে আহত করে। আহতরা শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি রয়েছেন। শরীফ বাহিনী এ তাণ্ডব চালানোর সময় কেউ একজন ভিডিও ধারণ করে ফেসবুকে ছড়িয়ে দিয়েছে।’

প্রত্যক্ষদর্শী এক নারী বলেন, শরীফ অন্তত একশ লোক নিয়ে আবুল কাশেমের জমি দখল করার জন্য আসে। সীমানা প্রাচীর ভেঙে জমি দখলের চেষ্টা করলে কাশেমের স্বজনেরা এতে বাধা দেয়। পরে তাদেরকে পেটানো হয়।

শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মনিরুজ্জামান বলেন, ‘এ ব্যাপারে একটি লিখিত অভিযোগ পেয়েছি। বিষয়টি পুলিশ তদন্ত করছে।’

আরও পড়ুন

×