ছুরিকাঘাতে রাবি শিক্ষার্থী আহত, বিক্ষোভকারীদের হাতে সহকারী প্রক্টর লাঞ্ছিত
রাজশাহী ব্যুরো
প্রকাশ: ১৮ অক্টোবর ২০১৯ | ২১:১৪
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ছিনতাইকারীর ছুরিকাঘাতে এক শিক্ষার্থী আহতের ঘটনা ঘটেছে। শুক্রবার সন্ধ্যায় হবিবুর রহমান হলের মাঠে এই ঘটনা ঘটে।
এ ঘটনার প্রতিবাদে শিক্ষার্থীরা রাজশাহী-ঢাকা মহাসড়ক অবরোধ করে গভীর রাত পর্যন্ত বিক্ষোভ করেন।
আহত শিক্ষার্থীর নাম ফিরোজ। তিনি অর্থনীতি বিভাগের প্রথম বর্ষের শিক্ষার্থী। তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে ছিনতাইকারী সম্পর্কে কিছু জানা যায়নি।
ফিরোজের সঙ্গে থাকা আবির নামে একজন জানান, সন্ধ্যায় ফিরোজ তার বান্ধবীকে নিয়ে স্টেডিয়ামের পাশের রাস্তা দিয়ে হাঁটছিলেন। তখন কয়েকজন দুর্বৃত্ত তাদের পথরোধ করে পাশেই হবিবুর হলের মাঠে নিয়ে যায়। এ সময় তাদের কাছে থাকা ফোন ও টাকা ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে দুর্বৃত্তরা। চিৎকার করলে ফিরোজকে ছুরিকাঘাত করে পালিয়ে যায় ছিনতাইকারীরা। পরে আশপাশের লোকজন ফিরোজকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়।
তিনি বলেন, এখবর ছড়িয়ে পড়লে রাবি শিক্ষার্থীরা রাত ১০টার দিকে বিশ্ববিদ্যালয়ের মেইন গেটের সামনে সড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করে। রাত ১টার দিকেও বিক্ষোভ চলছিলো। রাবি প্রশাসন শিক্ষার্থীদের হলে ফেরাতে সেখানে অবস্থান নিয়ে বারবার আলোচনা করছিলো। রাত ১১টার দিকে তাদের হলে ফিরতে অনুরোধ করলে সহকারী প্রক্টর হুমায়ুন কবীরের ওপর হামলা করে কয়েকজন শিক্ষার্থী। এ সময় পুলিশ তাকে উদ্ধার করে। এ হামলার ঘটনায় এক শিক্ষার্থীকে আটকের পর ফেরত দিলে তাকে নির্যাতনের অভিযোগ এনে আবারো বিক্ষোভ বহাল রাখেন আন্দোলনরতরা। তারা ক্যাম্পাসে শিক্ষার্থীদের নিরাপত্তা দাবি করেন।
- বিষয় :
- রাবি
- রাজশাহী বিশ্ববিদ্যালয়
- ছিনতাই
