দুর্বৃত্তের দেওয়া আগুনে পুড়ে গেছে খামার, সহস্রাধিক মুরগির বাচ্চা জীবন্ত দগ্ধ
দুর্বৃত্তের দেওয়া আগুনে পুড়ে যাওয়া মুরগির বাচ্চা ও ঘর
কালিয়া (নড়াইল) প্রতিনিধি
প্রকাশ: ২৭ ফেব্রুয়ারি ২০২৩ | ০৯:৩২ | আপডেট: ২৭ ফেব্রুয়ারি ২০২৩ | ০৯:৩২
নড়াইলের কালিয়ায় দুর্বৃত্তের দেওয়া আগুনে একটি মুরগির খামারের সহস্রাধিক মুরগির বাচ্চা জীবন্ত দগ্ধসহ খামার ঘরটি পুড়ে ছাই হয়ে গেছে। রোববার রাতে উপজেলার নড়াগাতি থানার ব্রাক্ষ্মন পাটনা গ্রামের ইউপি সদস্য রাজিব খানের খামারে এ ঘটনা ঘটেছে।
রাজিব খান খাশিয়াল ইউনিয়নের ৬নং ওয়ার্ডের সদস্য ও একই গ্রামের আজম খানের ছেলে। আগুনে পুড়িয়ে মুরগির বাচ্চা নিধনের সঠিক কোনো কারণ জানা যায়নি।
রাজিবের অভিযোগ, রোববার রাত ৩ টার দিকে পোষা কুকুরের ডাকাডাকিতে বাড়ির লোকজনের ঘুম ভেঙে যায়। পরে তারা আগুনে পোড়ার দুর্গন্ধ পেয়ে ঘর থেকে বেরিয়ে মুরগির খামারে আগুন জ্বলতে দেখেন। এ সময় তারা চিৎকার শুরু করলে প্রতিবেশীরা ছুটে আসেন এবং আগুন নেভানোর চেষ্টা করেন। কিন্তু ততক্ষণে ১৬ দিন বয়সের ১ হাজার ২০০ মুরগির বাচ্চা জীবন্ত দগ্ধ হওয়াসহ খামার ঘরটি পুড়ে যায়। এতে রাজিবের ৮ লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে । কী কারণে তার মুরগির খামারে দুর্বৃত্তরা আগুন দিয়েছে সে বিষয়ে সঠিক কোনো কারণ তিনি জানাননি। তবে ঘটনাস্থল থেকে কয়েকজন দুর্বৃত্তকে তার পরিবারের সদস্যরা পালিয়ে যেতে দেখেছেন বলে তিনি অভিযোগ করেছেন।
রাজিবের বাবা আজম খান জানান, ঘটনার সময় তারা অজ্ঞাতনামা ৩/৪ জনকে খামার থেকে পালাতে দেখেছেন। কিন্ত রাতের অন্ধকারে সঠিকভাবে চিনতে পারেননি। তিনি তদন্তের মাধ্যমে দোষীদের আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন।
নড়াগাতী থানার ওসি সুকান্ত সাহা জানান, খবর পেয়ে তিনি ঘটনাস্থল পরিদর্শন করেছেন। কেউ লিখিত অভিযোগ করেনি। অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
- বিষয় :
- নড়াইল
- কালিয়া
- মুরগির খামার
