ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

জামাইয়ের লাঠির আঘাতে প্রাণ গেল শ্বশুরের

জামাইয়ের লাঠির আঘাতে প্রাণ গেল শ্বশুরের
×

গ্রেপ্তার সোলেমান

বগুড়া ব্যুরো ও শেরপুর (বগুড়া) প্রতিনিধি

প্রকাশ: ২৭ ফেব্রুয়ারি ২০২৩ | ১৪:৫০ | আপডেট: ২৭ ফেব্রুয়ারি ২০২৩ | ১৪:৫১

বগুড়ার শেরপুরে জামাইয়ের লাঠির আঘাতে শ্বশুরের মৃত্যু হয়েছে। আজ সোমবার বিকেলে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহত আব্দুস সাত্তার (৮৫) উপজেলার গাড়ীদহ ইউনিয়নের মহিপুর কলোনি গ্রামের মৃত কাজেম উদ্দীনের ছেলে।

এ ঘটনায় পুলিশ অভিযান চালিয়ে ঘাতক জামাই সোলেমান আলীকে (৬০) গ্রেপ্তার করেছে। সোলেমান একই গ্রামের মৃত হোসেন প্রামাণিকের ছেলে।

পুলিশ ও নিহতের স্বজনরা জানান, সম্প্রতি জমি নিয়ে জামাই-শ্বশুরের মধ্যে বিরোধ দেখা দেয়। আজ দুপুর পৌনে দুইটার দিকে নামাজ শেষে মসজিদ থেকে বাড়ি যাচ্ছিলেন আব্দুস সাত্তার। এ সময় আগে থেকেই ওঁৎ পেতে থাকা সোলেমান পেছন থেকে লাঠি দিয়ে তার শ্বশুরের মাথায় আঘাত করেন। এতে গুরুতর আহত হন তিনি।

এরপর স্থানীয় লোকজন তাকে দ্রুত উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে অবস্থার অবনতি ঘটলে তাৎক্ষণিকভাবে তাকে বগুড়ায় শজিমেক হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

শেরপুর থানার পুলিশ পরিদর্শক (ওসি তদন্ত) লাল মিয়া বলেন, নিহতের লাশের ময়নাতদন্তের জন্য বগুড়ায় হাসপাতাল মর্গে রয়েছে। পাশাপাশি অভিযান চালিয়ে ঘাতক জামাই সোলেমানকে গ্রেপ্তার করা হয়েছে। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

পুলিশের এই কর্মকর্তা আরও বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে সোলেমান হত্যাকাণ্ডের দায় স্বীকার করলেও হত্যার কারণ জানায়নি। তাকে আরও জিজ্ঞাসাবাদ প্রয়োজন। এজন্য আগামীকাল মঙ্গলবার তাকে আদালতে হাজির করে রিমান্ড চাওয়া হবে।

আরও পড়ুন

×