আফ্রিকায় সড়ক দুর্ঘটনায় আহত দাগনভূঞার আরেক প্রবাসীও মারা গেলেন
আনিসুল হক মিলন
দাগনভূঞা (ফেনী) প্রতিনিধি
প্রকাশ: ২৮ ফেব্রুয়ারি ২০২৩ | ১১:০১ | আপডেট: ২৮ ফেব্রুয়ারি ২০২৩ | ১১:০১
দক্ষিণ আফ্রিকার কেপটাউনে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় আহত মিলন নামে আরেক প্রবাসী মারা গেছেন। সোমবার বাংলাদেশ সময় রাত ৯টার দিকে আফ্রিকার জর্জ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। মিলন দাগনভূঞা উপজেলার মাতুভূঞা ইউনিয়নের রামানন্দপুর গ্রামের বাসিন্দা বাহার মিয়ার ছেলে।
গত শুক্রবার স্থানীয় সময় সকাল ৯টার দিকে দেশটির জোহানেসবার্গ থেকে কেপটাউনে যাওয়ার পথে বাফেলো এলাকায় দুর্ঘটনায় পাঁচ বাংলাদেশি নিহত হন।
তারা হলেন- ফেনী সদর উপজেলার পাঁচগাছিয়া ইউনিয়নের বিরলী গ্রামের শরিয়ত উল্লাহর ছেলে ইসমাইল হোসেন (৩২), দাগনভূঁঞা উপজেলার দক্ষিণ নেয়াজপুর গ্রামের রাজু আহমেদ (৩৪), একই উপজেলার মাতুভূঁঞা ইউনিয়নের মমারিজপুর গ্রামের মো. মোস্তফা (৪০), সোনাগাজী উপজেলার চর মজলিশপুর ইউনিয়নের দক্ষিন চরমজলিশপুর গ্রামের আবুল হোসেন (৪৫) ও নাদিম হোসেন (১০)।
এ ঘটনায় অপর আহত দাগনভূঞা উপজেলার আনিসুল হক মিলন ও ঢাকার নাহিদকে হাসপাতালে ভর্তি করা হয়।
দাগনভূঞা থানার (ওসি) মো. হাসান ইমাম আফ্রিকায় সড়ক দুর্ঘটনায় আহত আরেকজনের মৃত্যুর তথ্য সমকালকে জানিয়েছেন।
নিহতের ছোট ভাই রিমন মিয়াজী জানান, আমার বড় ভাই মিলন গত প্রায় ১৩ বছর ধরে আফ্রিকায় থাকেন। তিন ভাই-বোনের মধ্যে সবার বড় ছিলেন। ২০২০ সালে খালাতো বোনের সঙ্গে তার বিয়ে হয় মোবাইল ফোনে। কিছুদিনের মধে দেশে ফেরার কথা। হাতে কেবল মেহেদীর রং লাগার কথা। কিন্তু তার আগেই চলে গেলেন ভাই।
