চট্টগ্রামে বাসের ধাক্কায় প্রাণ গেল পথচারীর
প্রতীকী ছবি
চট্টগ্রাম ব্যুরো
প্রকাশ: ০১ মার্চ ২০২৩ | ১৪:১৬ | আপডেট: ০১ মার্চ ২০২৩ | ১৪:১৬
চট্টগ্রাম নগরীর বাকলিয়ায় বাসের ধাক্কায় মনির আহম্মদ (৬০) নামে এক পথচারীর মৃত্যু হয়েছে। বুধবার দুপুরে বাকলিয়া থানার রাহাত্তারপুল এলাকার ফুলকলির এ দুর্ঘটনা ঘটে।
নিহত মনির আহম্মদ নগরীর চান্দগাঁও থানা এলাকার সালেহ আহম্মদ মুন্সি বাড়ির প্রয়াত সালেহ আহম্মদের ছেলে।
চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের পুলিশ ফাঁড়ির ইনচার্জ নুরুল আলম আশেক সমকালকে জানান, দুপুরের দিকে বাকলিয়া থানার রাহাত্তারপুল এলাকার ফুলকলির সামনে দ্রুতগামী একটি বাসের ধাক্কায় গুরুতর আহত অবস্থায় এক ব্যক্তিকে হাসপাতালে আনা হয়। পরে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
প্রত্যক্ষদর্শীদের বর্ণনা দিয়ে তিনি বলেন, রাস্তা পার হওয়ার সময় বিপরীত দিক থেকে আসা একটি দ্রুতগতির বাস ধাক্কা দিলে ওই ব্যক্তি গুরুতর আঘাত পেয়ে রাস্তায় ছিটকে পড়েন। তিনি আরও বলেন, নিহতের মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।
- বিষয় :
- পথচারীর মৃত্যু
- চমেক
- দুর্ঘটনা
