ঢাকা শুক্রবার, ০৫ জুন ২০২৬

মহম্মদপুরে আ’লীগের দু’পক্ষের দ্বন্দ্বে যুবক খুন, সংঘর্ষে আহত ১০

মহম্মদপুরে আ’লীগের দু’পক্ষের দ্বন্দ্বে যুবক খুন, সংঘর্ষে আহত ১০
×

মহম্মদপুর (মাগুরা) প্রতিনিধি

প্রকাশ: ১৬ মার্চ ২০২৩ | ১৪:৫৪ | আপডেট: ১৬ মার্চ ২০২৩ | ১৫:১৪

মাগুরার মহম্মদপুরের পলাশবাড়িয়া ইউনিয়নের কালীশংকরপুর গ্রামে আধিপত্য বিস্তার নিয়ে আওয়ামী লীগের দু’পক্ষের দ্বন্দ্বে আরিফুল মোল্যা (৩৫) নামে এক যুবককে কুপিয়ে হত্যা করা হয়েছে। আজ বৃহস্পতিবার সকালে এ হত্যাকাণ্ড ঘটে।

আরিফুল ওই গ্রামের হাসান মোল্যার ছেলে। পুলিশ লাশ ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে পাঠিয়েছে।

হত্যার ঘটনায় একই দিন দু’পক্ষের মধ্যে দফায় দফায় সংঘর্ষ হয়েছে। এ সময় হামলাকারীরা প্রতিপক্ষের বাড়িতে ভাঙচুর ও লুট করে। এতে কমপক্ষে ১০ জন আহত হন। পরে পুলিশ চারজনকে আটক করে। 

পুলিশ ও স্থানীয়রা জানান, পলাশবাড়িয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি গোলজার রহমান এবং একই ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আওয়ামী লীগ নেতা রবিউল ইসলামের সমর্থকদের মধ্যে আধিপত্য বিস্তার নিয়ে দীর্ঘদিন বিরোধ চলে আসছে। এরই মধ্যে সকাল ৯টার দিকে গোলজার রহমানের সমর্থক আরিফুল মোল্যা পার্শ্ববর্তী পুকুর থেকে মাছ ধরে বাড়ি ফিরছিলেন। পথে ওত পেতে থাকা প্রতিপক্ষ আওয়ামী লীগ নেতা রবিউল ইসলামের সমর্থক আকির ও মিলনের নেতৃত্বে পাঁচ থেকে সাতজন আরিফুলকে সড়কির আঘাতে হত্যা করে পালিয়ে যায়।

ঘটনার পর থেকে গ্রেপ্তার আতঙ্কে রবিউল ইসলামের অনুসারী পুরুষরা এলাকা ছেড়ে পালান। হত্যাকাণ্ডের খবর ছড়িয়ে পড়লে প্রতিপক্ষের লোকজন দেশি অস্ত্র নিয়ে কয়েকটি স্থানে সংঘর্ষে জড়িয়ে পড়েন। তাঁরা বেশ কয়েকটি বাড়িতে ভাঙচুর ও লুট করেন। সংঘর্ষে গুরুতর আহত নাসির উদ্দীন, নিফুজার, কোবাদ হোসেন ও আকিদুল ইসলামকে মাগুরা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

খবর পেয়ে মহম্মদপুর থানা পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ঘটনায় জড়িত সন্দেহে মোস্তফা বিশ্বাস, আমিনুর বিশ্বাস ও ইউনুচ মোল্যাসহ চারজনকে আটক করা হয়েছে। পরিস্থিতি স্বাভাবিক রাখতে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

এদিকে আরিফুল খুন হওয়ায় দরিদ্র পরিবারটি চরম বিপাকে পড়েছে। উপার্জনক্ষম স্বামীকে হারিয়ে শিশু তিন মেয়ে ও এক ছেলেকে নিয়ে দুশ্চিন্তায় পড়েছেন তাঁর স্ত্রী রাশেদা বেগম।

আওয়ামী লীগ নেতা গোলজার রহমান বলেন, জমি নিয়ে বিরোধের জেরে আরিফুলকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। অপর আওয়ামী লীগ নেতা রবিউল ইসলামের সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি।

মহম্মদপুর থানার ওসি অসিত কুমার রায় বলেন, জড়িতদের গ্রেপ্তারে অভিযান চলছে। 

আরও পড়ুন

×