পাবনায় হাট ইজারাদারের চাঁদা দাবির প্রতিবাদে ধর্মঘট-মানববন্ধন
দোকান বন্ধ রেখে মানববন্ধন করেন দোকানদাররা - সমকাল
পাবনা অফিস
প্রকাশ: ২৭ এপ্রিল ২০২৩ | ১৫:১৯ | আপডেট: ২৭ এপ্রিল ২০২৩ | ১৫:২০
পাবনা সদর উপজেলার পুষ্পপাড়া হাট ও বাজারের স্থায়ী দোকানদারদের কাছ থেকে চাঁদা আদায়ের অভিযোগ উঠেছে হাট ইজারাদারের বিরুদ্ধে। প্রতিবাদে ধর্মঘট, মানববন্ধন ও বিক্ষোভ করেছেন দোকানদাররা।
বৃহস্পতিবার সকাল থেকে দোকান বন্ধ রেখে তারা এই কর্মসূচি পালন করেন। তবে দুপুরে প্রশাসনের মধ্যস্থতায় ধর্মঘট প্রত্যাহার করে দোকান খোলেন ব্যবসায়ীরা।
দোকানদারদের অভিযোগ, শ্রমিক লীগ নেতা আব্দুস সালাম হাট ইজারা নেওয়ার পর থেকেই পুষ্পপাড়া বাজারের স্থায়ী দোকানদারদের ওপর নির্যাতন শুরু করেছেন। দোকানপ্রতি ২০০ থেকে এক হাজার টাকা পর্যন্ত চাঁদা দাবি করেন তিনি। অথচ এই দোকানগুলো পুষ্পপাড়া কামিল মাদ্রাসার। মাদ্রাসা কর্তৃপক্ষের কাছ থেকে কিনে ভবন করে স্থায়ীভাবে ব্যবসা করছেন তাঁরা। ৫০ বছরের অধিক সময় ধরে প্রতি মাসে মাটি ভাড়া হিসেবে মাদ্রাসা কর্তৃপক্ষকে টাকা দিয়ে আসছেন।
পুষ্পপাড়া বাজার বণিক সমিতির সভাপতি নুরুল ইসলাম বলেন, আমরা স্থায়ীভাবে দোকান দিয়ে ব্যবসা করছি। এই দোকানগুলো হাটের অংশ নয়; বরং মাদ্রাসার। কিন্তু হাটের ইজারাদার এখন জোর করেই চাঁদা দাবি করছেন। এজন্য আমরা বাধ্য হয়ে ধর্মঘট করেছি। তিনি বলেন, প্রশাসনের আশ্বাসে ধর্মঘট প্রত্যাহার করা হয়েছে। তবে আমরা এটির স্থায়ী সমাধান চাই।
হাটের ইজারাদার আব্দুস সালাম দাবি করে বলেন, হাটের জমি নিয়ে সরকারের সঙ্গে মাদ্রাসা কর্তৃপক্ষের মামলা চলছে। সমস্ত দোকানই হাটের অংশ এবং সরকারের নিয়ন্ত্রণে। আমি যেহেতু সরকারের কাছ থেকে ইজারা নিয়েছি, তাই বৈধ উপায়ে তাদের কাছ থেকে খাজনা আদায় করা হচ্ছে।
পাবনা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তাহমিদা আক্তার বলেন, আপাতত সমাধান করা হয়েছে। দোকানদাররা ধর্মঘট প্রত্যাহার করেছেন। পরবর্তীতে উভয়পক্ষের সঙ্গে আলোচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
