ঢাকা শুক্রবার, ০৩ জুলাই ২০২৬

প্রেমিকার সঙ্গে দেখা করতে গিয়ে কলেজছাত্র নিহত, বিচার দাবিতে বিক্ষোভ

প্রেমিকার সঙ্গে দেখা করতে গিয়ে কলেজছাত্র নিহত, বিচার দাবিতে বিক্ষোভ
×

ছবি: সমকাল

যশোর অফিস

প্রকাশ: ০৮ মে ২০২৩ | ১২:০২ | আপডেট: ০৮ মে ২০২৩ | ১২:০২

যশোরের ঝিকরগাছায় প্রেমিকার সঙ্গে দেখা করতে গিয়ে নিহত হয়েছেন কলেজছাত্র ইলিয়াস হোসেন। এ ঘটনার বিচার দাবিতে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন হয়েছে। আজ সোমবার যশোরের ঝিকরগাছার ছুটিপুর বাজারে এই মিছিল ও মানববন্ধন হয়। নিহত ইলিয়াসের স্বজন, সহপাঠীসহ বিভিন্ন স্কুল ও কলেজের শিক্ষার্থীরা এ মানববন্ধন ও মিছিলে অংশ নেন। কর্মসূচি থেকে দাবি করা হয়, ইলিয়াসকে শ্বাসরোধ ও নির্যাতন চালিয়ে হত্যার পর এখন আত্মহত্যার নাটক তৈরির চেষ্টা চলছে। তারা ইলিয়াস হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

মানববন্ধনে নিহত ইলিয়াসের মা রোজিনা খাতুন বলেন, ‘ইলিয়াসকে ডেকে নিয়ে নির্যাতন চালিয়ে হত্যা করেছে। লাশ ফেলে রেখে আমাদের খবর দিয়েছে। একেক সময় একেক কথা বলছে। আমার ছেলে আত্মহত্যা করতে পারে না। ওরা ইলিয়াসকে মেরে ফেলেছে।’

ইলিয়াসের বন্ধু ইউসুফ বিশ্বাস অপু ও আকাশ হোসেন দাবি করেন, প্রেমের সম্পর্কের কারণে ইলিয়াসকে ডেকে নিয়ে লুইস পারভীন লিয়ার বাড়ির লোকজন নির্যাতন চালিয়ে শ্বাসরোধ করে হত্যা করেছে। এখন তারা আত্মহত্যা বলে চালানোর চেষ্টা করছে। ইলিয়াসের হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাই।

প্রত্যক্ষদর্শী ইলিয়াসের চাচাতো ভাই ইয়াসিন আলী বলেন, ‘ইলিয়াসের মরদেহ নিয়ে ওই রাতে আমাকে প্রথম ফোন করে লিয়া। সে সময় সেখানে ওড়না বা গলায় দড়ি দেওয়ার মতো কোনো আলামত ছিল না। বরং তার নাকে ও কপালে নির্যাতনের চিহ্ন ছিল। সেই অবস্থায় পুলিশ লাশ উদ্ধার করেছে।’

ঝিকরগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুমন ভক্ত বলেন, ‘ইলিয়াসের মরদেহ উদ্ধারের ঘটনায় আত্মহত্যা প্ররোচনার অভিযোগে মামলা হয়েছে। প্রেমিকা লুইস পারভীন লিয়াকে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছে। ময়নাতদন্ত প্রতিবেদন এখনও আসেনি। ময়নাতদন্ত প্রতিবেদনে হত্যার প্রমাণ পাওয়া গেলে মামলাটি হত্যা মামলায় রূপান্তরিত হবে।’

গত ২৯ এপ্রিল দিবাগত রাত ৩টার দিকে ঝিকরগাছা উপজেলার শ্রীচন্দ্রপুর গ্রামের লুইস পারভীন লিয়ার বাড়ির জানালার পাশ থেকে ইলিয়াস হোসেনের মরদেহ উদ্ধার করা হয়। নিহত ইলিয়াস হোসেন একই গ্রামের ফারুক হোসেনের ছেলে ও চৌগাছার পাশাপোল আমজামতলা কলেজের দ্বাদশ শ্রেণির বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী ছিলেন। লুইস পারভীন লিয়া ওই গ্রামের আয়নাল হক দফাদারের মেয়ে ও গঙ্গানন্দপুর কলেজের দ্বাদশ শ্রেণির ছাত্রী।

আরও পড়ুন

×