উন্নত দেশের শিক্ষাব্যবস্থার চেয়ে বাংলাদেশ পিছিয়ে নেই: নাহিদ
নুরুল ইসলাম নাহিদ
গোলাপগঞ্জ (সিলেট) প্রতিনিধি
প্রকাশ: ০৮ মে ২০২৩ | ১৩:৫৭ | আপডেট: ০৮ মে ২০২৩ | ১৪:০১
স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থায়ী কমিটির সভাপতি ও সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ এমপি বলেছেন, দেশের উন্নয়নের ধারা অব্যাহত রাখতে ও নতুন প্রজন্মকে একটি সুশৃঙ্খল সমাজব্যবস্থা উপহার দিতে শিক্ষার কোনো বিকল্প নেই। উন্নত দেশের শিক্ষাব্যবস্থার চেয়ে বর্তমান বাংলাদেশের শিক্ষাব্যবস্থা এখন আর পিছিয়ে নেই।
সোমবার সকাল ১১টায় উপজেলার বুধবারী বাজার ইউপির আল এমদাদ ডিগ্রী কলেজের একাডেমিক ভবন নির্মাণের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। কলেজের গভর্নিং বডির সভাপতি মঞ্জুর আহমদের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মিজ মৌসুমী মান্নান, সৈয়দ মিছবাহ উদ্দিন, অধ্যক্ষ আবুল কালাম আজাদ, নুরুল ইসলাম বেলাল, মাহবুবুল হক প্রমুখ।
নুরুল ইসলাম নাহিদ বলেন, প্রযুক্তি ও উন্নত শিক্ষাব্যবস্থার বিকাশ ঘটিয়ে বিশ্ব দরবারে দৃষ্টান্ত স্থাপন করতে যাচ্ছে বাংলাদেশ। বিশ্বমানের শিক্ষায় এগিয়ে যাওয়ার লক্ষ্যে সকল শিক্ষার্থী ও অভিভাবকদের সচেষ্ঠ থাকতে হবে। পাশাপাশি শিক্ষকদেরও প্রযুক্তিগত শিক্ষায় দক্ষ হয়ে শিক্ষার্থীদের গড়ে তুলতে আন্তরিকভাবে কাজ করতে হবে।
তিনি বলেন, এক সময় কুশিয়ারার পূর্ব অংশ পশ্চাৎপদ ছিল। কিন্তু বর্তমান সরকারের উন্নয়নের ছোঁয়ায় এখন আর পিছিয়ে নেই এ জনপদের মানুষ। বহরগ্রাম-শিকপুর ব্রিজটিও প্রক্রিয়াধীন। এটি বাস্তবায়িত হলে শিক্ষায়-দীক্ষায় আরও এগিয়ে যাবে এই এলাকার মানুষ। শেখ হাসিনার নেতৃত্বে দেশ এগিয়ে যাচ্ছে। এখন আগের তুলনায় ৪ গুণ খাদ্য উৎপাদন বেড়েছে। দেশে দারিদ্রতাও কমে আসছে। বিদ্যুৎ ব্যবহারের পাশাপাশি এর উৎপাদনও বাড়ছে।
সাবেক শিক্ষামন্ত্রী বলেন, বৈশ্বিক যুদ্ধ ও মহামারির কারণে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি হচ্ছে। তারপরও সরকার ভর্তুকি দিয়ে দ্রব্যমূল্য মানুষের ক্রয়ক্ষমতার নাগালে রাখার চেষ্টা করছে।
